BCCI: বিসিসিআইয়ে পদত্যাগের হিড়িক! আশিস শেলারের জায়গায় কে হচ্ছেন কোষাধ্যক্ষ?
BCCI: বিসিসিআইয়ে ফের রদবদল। জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ায় সচিব পদ ছেড়েছেন। সেই পদে এসেছেন দেবজিৎ সাইকিয়া।
এবার বিসিসিআইকে খুঁজতে হচ্ছে নতুন কোষাধ্যক্ষ। ক্রিকবাজকে আশিস শেলার জানিয়েছেন, তিনি কোষাধ্যক্ষের পদ ছাড়তে চলেছেন।

রবিবারই মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়ণবীসের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন আশিস। তারপরই তিনি জানিয়েছেন, বিসিসিআই থেকে পদত্যাগের কথা। বিসিসিআইয়ের সংবিধানের ৪.৫ ধারা মোতাবেকই আশিস শেলারকে সরতে হচ্ছে।
বিসিসিআইয়ের পদাধিকারী, অ্যাপেক্স কাউন্সিলের সদস্য, আইপিএল গভর্নিং কাউন্সিল বা বিসিসিআইয়ের কোনও কমিটির সদস্য থাকতে গেলে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। তারই অন্যতম কেউ মন্ত্রী বা সরকারি কর্মচারী হলে ওই পদগুলিতে থাকতে পারেন না।
২০২২ সাল থেকে বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ পদে রয়েছেন শেলার। তিনি জয় শাহেরও খুব ঘনিষ্ঠ। জয় শাহের পদত্যাগের পর শেলার বিসিসিআই সচিব হতে পারেন বলে জল্পনা ছিল। তবে তিনি সেই সম্ভাবনা খারিজ করে বলেছিলেন, সচিব পদে থাকতে গেলে ক্রিকেটের প্রতি প্রভূত দায়বদ্ধতা দেখাতে হয়। কিন্তু সে জন্য পর্যাপ্ত সময় তাঁর পক্ষে দেওয়া সম্ভব না।
শেলার আরও স্পষ্ট করে দিয়েছিলেন তিনি রাজনীতিতেই বেশি সময় দিতে চান। বান্দ্রা পশ্চিম থেকে এই নিয়ে তৃতীয়বার শেলার বিধায়ক নির্বাচিত হয়েছেন। তিনি মুম্বইয়ে বিজেপির সভাপতিও। এবার দেবেন্দ্র ফড়ণবীসের মন্ত্রিসভায় এলেন তিনি।
আগামী বছর বিসিসিআইয়ে নির্বাচন রয়েছে। ফলে কয়েক মাসের জন্য কেউ স্থায়ী কোষাধ্যক্ষ নাও হতে পারেন। সম্প্রতি বিসিসিআইয়ের যুগ্ম সচিব পদে থাকা দেবজিৎ সাইকিয়াকে সচিবের দায়িত্ব পালনের ভার দিয়েছেন বোর্ড সভাপতি রজার বিনি। সেভাবেই কোষাধ্যক্ষ হিসেবে কাউকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়ার সম্ভাবনাই বেশি।












Click it and Unblock the Notifications