রঞ্জি ট্রফি জানুয়ারি থেকে, ঘরোয়া ক্রিকেটের সূচিতে রদবদল বিসিসিআইয়ের
ঘরোয়া ক্রিকেটের সূচিতে বেশ কিছু রদবদল করল বিসিসিআই। সেপ্টেম্বর থেকেই বোর্ডের বিভিন্ন টুর্নামেন্ট শুরু হবে। তবে পুরুষদের ক্রিকেট শুরু হবে অক্টোবরেই। ভারতীয় পুরুষ ও মহিলা দলের ক্রিকেটাররাও যাতে ঘরোয়া টুর্নামেন্টে অংশ নিতে পারেন সে কথা মাথায় রেখেই ক্রীড়াসূচি হয়েছে। গত মরশুমে না হলেও এই মরশুমে রঞ্জি ট্রফি ফিরছে। তবে জানুয়ারির আগে শুরু হচ্ছে না।

বোর্ডের তরফে নতুন যে সূচির কথা জানানো হয়েছে সেই অনুযায়ী আগামী জানুয়ারির ৫ তারিখ থেকে ২০ মার্চ অবধি চলবে রঞ্জি ট্রফি। ২৭ অক্টোবর থেকে শুরু হবে সৈয়দ মুস্তাক আলি টি ২০। আইপিএল খেলে দেশে ফিরে আসা ক্রিকেটারদের সকলেই যাতে ঘরোয়া টি ২০ টুর্নামেন্ট খেলতে পারেন সে কথা মাথায় রেখেই এই সূচি পরিবর্তন। এরপর বিজয় হাজারে ট্রফি শুরু হবে ডিসেম্বরের ১ তারিখ থেকে, চলবে ২৯ তারিখ পর্যন্ত।

সিনিয়র পর্যায়ে মহিলা ক্রিকেটাররা ঘরোয়া মরশুম অভিযান শুরু করবেন ওয়ান ডে টুর্নামেন্ট দিয়ে, যা অক্টোবরের ২০ তারিখ শুরু হয়ে চলবে নভেম্বরের ২০ তারিখ অবধি। তার আগে, পুরুষ ও মহিলাদের অনূর্ধ্ব ১৯ একদিনের ক্রিকেট দিয়েই শুরু হবে আসন্ন ঘরোয়া ক্রিকেট মরশুম। ভিনু মানকড় ট্রফি শুরু হবে সেপ্টেম্বরের ২০ তারিখ থেকে। পুরুষ ও মহিলা অনূর্ধ্ব ১৯ দলের চ্যালেঞ্জার ট্রফি শুরু হবে যথাক্রমে ২৬ ও ২৫ অক্টোবর। অনূর্ধ্ব ২৫ একদিনের টুর্নামেন্ট শুরু হবে ৯ নভেম্বর থেকে, চলবে ডিসেম্বরের ১০ তারিখ অবধি। অনূর্ধ্ব ২৫ ক্রিকেটের টুর্নামেন্ট হয়ে সিকে নাইডু ট্রফি শুরু ৬ জানুয়ারি থেকে।

রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি টি ২০-র জন্য ৩৮ দলকে ভাগ করা হচ্ছে ৬টি গ্রুপে। পাঁচটি এলিট গ্রুপে থাকবে ৬টি করে দল এবং একটি প্লেট গ্রুপে থাকবে আটটি দল। অনূর্ধ্ব ২৫ বিভাগের ক্রিকেটে ৬টি দলবিশিষ্ট পাঁচটি এলিট ও সাতটি দলবিশিষ্ট একটি প্লেট গ্রুপ থাকবে বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে। গত মরশুমে রঞ্জি ট্রফি বাতিল করতে বাধ্য হয়েছিল বিসিসিআই। কেন না, করোনা পরিস্থিতিতে ৩৮ দলের জন্য জৈব সুরক্ষা বলয়ের ব্যবস্থা বা দলগুলির যাতায়াতের ব্যবস্থা করা সম্ভব ছিল না। তবে এবার সৈয়দ মুস্তাক আলি টি ২০, তারপর ৫০ ওভারের বিজয় হাজারে ট্রফি ও সবশেষে রঞ্জি ট্রফি আয়োজন করে গোটা ক্রীড়াসূচিতে সামঞ্জস্য আনা হয়েছে। এলিট গ্রুপের শীর্ষে থাকা পাঁচটি দল পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। এলিট গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা পাঁচটি দল ও প্লেট গ্রুপের জয়ী দলকে নিয়ে তিনটি প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে। এই তিনটি ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে উঠবে।












Click it and Unblock the Notifications