সৌরভের বিসিসিআইয়ের নবগঠিত ওয়ার্কিং গ্রুপে আজহার, বাংলা থেকে অভিষেক
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডের নবগঠিত ওয়ার্কিং গ্রুপে রাখা হল হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে। ঘরোয়া ক্রিকেটের নানা বিষয় দেখভালের দায়িত্বে থাকা এই ওয়ার্কিং গ্রুপের সদস্য করা হয়েছে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াকেও।

সৌরভের বোর্ডের ওয়ার্কিং গ্রুপে আজ্জু
করোনা পরিস্থিতিতে গত মরশুমে সৈয়দ মুস্তাক আলি টি ২০ ও বিজয় হাজারে ট্রফি বাদে রঞ্জি ট্রফি-সহ বিভিন্ন টুর্নামেন্ট বাতিল হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েন ঘরোয়া ক্রিকেটাররা। তাঁদের আর্থিক ক্ষতি কীভাবে পুষিয়ে দেওয়া যায় এবং তাঁদের বেতন কাঠামোয় প্রয়োজনীয় রদবদল নিয়েই সবার আগে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহের সঙ্গে পরামর্শ করবেন ওয়ার্কিং গ্রুপের সদস্যরা। সেই গ্রুপে মহম্মদ আজহারউদ্দিনের থাকাটা বিশেষ তাৎপর্যপূর্ণ। কিছুদিন আগে আজহারউদ্দিনকে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতির পদ থেকে সরানো হয়েছিল। যদিও যাঁরা এ কাজে যুক্ত ছিলেন তাঁদের সরিয়ে আজহারকে ফের স্বপদে পুনর্বহাল করেন ওম্বুডসম্যান।

কমিটির সদস্যরা
নবগঠিত ওয়ার্কিং গ্রুপে আজহার, অভিষেকদের বাকি সদস্যরা হলেন সৌরাষ্ট্রের জয়দেব শাহ, কর্নাটকের সন্তোষ মেনন, অসমের দেবজিৎ সাইকিয়া, উত্তরপ্রদেশের যুধবীর সিং, দিল্লির রোহন জেটলি প্রমুখ। জয়দেব শাহ জানিয়েছেন, বোর্ড সচিবের পরামর্শ নিয়ে আমরা কাজ করব। তবে রঞ্জি-সহ বয়সভিত্তিক সব দলের ক্রিকেটারদের কিছু আর্থিক সহযোগিতা বিসিসিআইয়ের করা উচিত, কবের মধ্যে তা করা যায় তা বোর্ডই ঠিক করুক।

আর্থিক ক্ষতি মোকাবিলায়
রঞ্জি খেলা ঘরোয়া ক্রিকেটাররা প্রতি মরশুমে ১৫ থেকে ১৬ লক্ষ টাকা আয় করে থাকেন বলে বোর্ডসূত্রে জানা গিয়েছে। তবে গত মরশুমে ৮৭ বছর পর রঞ্জি না হওয়ায় তাঁদের আয় ধাক্কা খেয়েছে। সেই ক্ষতির পরিমাণ কীভাবে পুষিয়ে দেওয়া যায় সে ব্যাপারটি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের ক্রিকেট সংস্থার শীর্ষকর্তাদের নিয়ে গঠিত ওয়ার্কিং গ্রুপ বোর্ডের সঙ্গে আলোচনা করবে। এবারের ঘরোয়া ক্রিকেট মরশুম সেপ্টেম্বরে শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। মরশুম শুরু হবে মহিলাদের সীমিত ওভারের ক্রিকেট দিয়ে। অক্টোবর-নভেম্বরে হবে সৈয়দ মুস্তাক আলি টি ২০। রঞ্জি ট্রফি ১৬ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৯ ফেব্রুয়ারি অবধি। করোনা পরিস্থিতিতে জৈব সুরক্ষা বলয় তৈরি করেই খেলাগুলি হবে কিনা, হলেও কী কী ব্যবস্থা নেওয়া হবে তা পরে জানাবে বিসিসিআই। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে নতুন ওয়ার্কিং গ্রুপের।












Click it and Unblock the Notifications