পিসিবি-কে ইঁটের জবাব পাটকেলে দিল সৌরভের বিসিসিআই, সন্ত্রাস ইস্যুতে একহাত
পিসিবি-কে ইঁটের জবাব পাটকেলে দিল সৌরভের বিসিসিআই, সন্ত্রাস ইস্যুতে সরব ভারতীয় বোর্ড
পাকিস্তানি ক্রিকেটাররা ভারতে ২০২১-র টি-টোয়েন্টি ও ২০২৩-র ৫০ ওভারের বিশ্বকাপ বিনা বাধায় খেলতে পারে, সে ব্যাপারে বিসিসিআই-এর কাছে লিখিত আশ্বাস চেয়েছিল পিসিবি। সেই ইঁটের জবাব পাটকেল ছুঁড়েই দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই। সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একহাত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারতে পরপর বিশ্বকাপ
কোনও অঘটন না ঘটলে ২০২১-এর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে ভারতেই। উল্লেখ্য চলতি বছরের ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা টি-টোয়ন্টি বিশ্বকাপ। তবে করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাবে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত যা খবর, আগামী বছর ভারতে অনুষ্ঠিত হতে চলা টুর্নামেন্টে তাক না লাগিয়ে অস্ট্রেলিয়ার সংস্করণ ২০২২ সালে টেনে নিয়ে যাওয়া হতে পারে। ২০২৩ সালে আবার ভারতেই অনুষ্ঠিত হওয়ার কথা ৫০ ওভারের বিশ্বকাপ।

রাজনৈতিক বিরোধিতা
সন্ত্রাসবাদ ও সীমান্ত সমস্যা সহ একাধিক ইস্যুতে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক তথা কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। লাদাখ সীমান্ত দ্বন্দ্বে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান চিনের সমর্থনে কথা বলায়, ভারতের সঙ্গে তাঁদের দূরত্ব যে আরও বেড়েছে, তা বলাই চলে। এমতাবস্থায় দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ তো দূর, ভারতে অনুষ্ঠিত হতে চলা ২০২১-এর টি-টোয়েন্টি ও ২০২৩-এর ৫০ ওভারের বিশ্বকাপে পাকিস্তানে অংশ নিতে পারবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ পাক ক্রিকেট দলকে ভারত-ভূমে প্রবেশাধিকার দিতে চায় না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার।

লিখিত আশ্বাস চেয়েছিল পিসিবি
ভারতে অনুষ্ঠিত হতে চলা ২০২১-এর টি-টোয়েন্টি ও ২০২৩-এর ৫০ ওভারের বিশ্বকাপ খেলতে চায় পাকিস্তান। কিন্তু দুই দেশের কূটনৈতিক সম্পর্ক সেই আশায় জল ঢেলে দিতে পারে। এ ব্যাপারে বিসিসিআই-এর অবাঞ্ছিত আব্দার করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি। ভিসা সমস্যা যাতে ভারতে বিশ্বকাপ খেলার ক্ষেত্রে পাকিস্তানি ক্রিকেটারদের জন্য বাধা হয়ে না দাঁড়ায়, তা বিসিসিআই-কে নিশ্চিত করতে বলেছিল এহসান মানি শিবির। এ ব্যাপারে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের কাছ থেকে লিখিত আশ্বাসও চেয়েছিল পিসিবি। সংস্থার সিইও ওয়াসিম খান এ ব্যাপারে আইসিসি-র হস্তক্ষেপ দাবি করেন।

বিসিসিআই-এর পাল্টা প্রশ্ন
বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে মোক্ষম জবাব দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই। তাদের পাল্টা প্রশ্ন, সীমান্ত দিয়ে জঙ্গিদের অবৈধ অনুপ্রবেশ, সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ হওয়া নিয়ে পিসিবি কোনও লিখিত আশ্বাস দিতে পারবে কি? এ ব্যাপারে এহসান মানিরা পাকিস্তান সরকারের কাছ থেকে শান্তির বার্তা বয়ে আনতে পারবে কি, সে প্রশ্নও করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। একই সঙ্গে পিসিবি-কে আইসিসি-তে গিয়ে কুমীরের কান্না বন্ধের বার্তাও দিয়েছে বিসিসিআই।












Click it and Unblock the Notifications