হরমনপ্রীতদের কোচ নিয়োগে উদ্যোগী বিসিসিআই, আবেদনপত্র জমা দেওয়ার আমন্ত্রণ জানাল বোর্ড
ভারতীয় মহিলা দলের কোচ নিয়োগের জন্য উদ্যোগী হলো বিসিসিআই। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে মহিলা দলের কোচের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। গত কয়েক মাস ধরেই কোচবিহীন অবস্থায় ক্রিকেট খেলছেন হরমনপ্রীত কৌর,স্মৃতি মান্ধানারা। এই পরিস্থিতিতে দ্রুত কোচ নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
মঙ্গলবার বিসিসিআইয়ের পক্ষ থেকে মহিলা দলের কোচের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। বিজ্ঞাপনে টিম ইন্ডিয়ার মহিলা দলের কোচ হওয়ার জন্য বেশ কিছু শর্ত জারি করেছে বিসিসিআই। দেশী-বিদেশি কোচরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে বেশ কিছু যোগ্যতামান রাখা হয়েছে ভারতীয় মহিলা দলের হেডস্যার পদের জন্য।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ মে। তার পরে বিসিসিআই আবেদনকারীদের মধ্যে থেকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করবে এবং সেই তালিকা অশোক মালহোত্রার নেতৃত্বাধীন ক্রিকেট উপদেষ্টা কমিটির কাছে পাঠাবে। তাঁরা ইন্টারভিউয়ের মধ্য দিয়ে ভারতীয় মহিলা দলের কোচকে বেছে নেবে।

২০২২ সালের ডিসেম্বর মাসে কোচের পদ থেকে অব্যাহতি দেন রমেশ পাওয়ার। গত বছরের ডিসেম্বরে রমেশ পাওয়ার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে স্থানান্তরিত হওয়ার পর থেকে পদটি খালি পড়ে রয়েছে। এরপর থেকে হেড কোচের পদটি ফাঁকা রয়েছে। এনসিআর-র কোচ ঋষিকেশ কনিতকর মহিলা দলের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হন।
এরফলে স্থায়ী হেড কোচকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় ভারতীয় দল।দীর্ঘ তিন মাসের বেশি সময় কেন হেড কোচের মত গুরুত্বপূর্ণ পদ ফাঁকা রেখেছে বিসিসিআই তা নিয়েও শুরু হয়েছিল সমালোচনা।













Click it and Unblock the Notifications