WPL Retention: মহিলাদের প্রিমিয়ার লিগে কোন দল কাদের ধরে রাখছে? জানাতে হবে নভেম্বরে, সময়সীমা বৃদ্ধি বোর্ডের
WPL Retention: মহিলাদের প্রিমিয়ার লিগে কোন দল কাদের ধরে রাখবে সেই তালিকা জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার কথা আজ। যদিও ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, ফ্র্যাঞ্চাইজিগুলি আরও বেশি সময় পাবে।
আগামী বছর মহিলাদের প্রিমিয়ার লিগের তৃতীয় সংস্করণ হবে। প্রতি বছরই ডব্লিউপিএলের দলগুলি ইচ্ছা করলে এক বা একাধিক ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে।

নিয়ম অনুযায়ী, একেকটি দল ১৮ জন ক্রিকেটারকে রেখে দল গঠন করতে পারে। যে দলে ৬ বিদেশি সর্বাধিক রাখা যায়। দিল্লি ক্যাপিটালস, গুজরাত জায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও ইউপি ওয়ারিয়রজ- এই ৫টি দল অংশ নেয় মহিলাদের প্রিমিয়ার লিগে।
প্রথম WPL-এ চ্যাম্পিয়ন হয়েছিল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স। চলতি বছর খেতাব জেতে স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন আরসিবি। জানা যাচ্ছে, ফ্র্যাঞ্চাইজিগুলিকে ৭ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হলো রিটেনশন তালিকা জমা দেওয়ার জন্য। মহিলাদের প্রিমিয়ার লিগের জন্য এবার মিনি অকশন হবে।
মহিলাদের প্রিমিয়ার লিগের তৃতীয় সংস্করণের জন্য নিলামে দলগুলির পুঁজি গত দুটি সংস্করণের তুলনায় বাড়ছে। প্রথমবার অকশন পার্স ছিল ১২ কোটি টাকার, দ্বিতীয় সংস্করণের জন্য তা ছিল ১৩.৫ কোটি টাকা। আসন্ন সংস্করণের জন্য সেটিই বেড়ে হচ্ছে ১৫ কোটি টাকা। তৃতীয় ডব্লিউপিএলের পর মেগা অকশন হবে। দলের সংখ্যা বাড়ানোর পাশাপাশি রিটেনশন সংক্রান্ত নিয়মও ফের নতুন করে জানাতে পারে বিসিসিআই।
মহিলাদের প্রিমিয়ার লিগ আগামী বছর কবে হবে তা এখনও স্পষ্ট করেনি বিসিসিআই। তবে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে মার্চ অবধিই তা চলতে পারে। ডব্লিউপিএলের মিনি অকশনের দিনক্ষণ ও স্থানও এখনও চূড়ান্ত করেনি বোর্ড। মহিলাদের ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্ট জানুয়ারির মাঝামাঝি শেষ হবে। তারপর ফেব্রুয়ারিতেই হতে পারে ডব্লিউপিএল।
চলতি বছর WPL হয়েছিল বেঙ্গালুরু ও দিল্লিতে। এবারও তেমনভাবেই ২২ ম্যাচের টুর্নামেন্ট আয়োজন করা হতে পারে। প্রথম সংস্করণের সব খেলাই হয়েছিল মুম্বইয়ে।












Click it and Unblock the Notifications