Rahul Dravid: দ্রাবিড়ের হাতেই থাকছে ভারতীয় দলের গুরু দায়িত্ব, রোহিতদের হেডস্যার থাকছেন দ্য ওয়ালই
যাবতীয় জল্পনার অবসান। ভারতীয় দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের সঙ্গে মেয়াদ বৃদ্ধি করল বিসিসিআই।বুধবার সকাল থেকেই ভারতীয় দলের হেড কোচ হিসাবে দ্রাবিড়ের ভবিষ্যৎ নিয়ে শুরু হয় প্রবল চর্চা। কিন্তু বেলা গড়াতেই যাবতীয় চর্চায় ফুলস্টপ দিয়ে বিসিসিআই। রাহুল দ্রাবিড় সহ সমস্ত সাপোর্ট স্টাফদের সঙ্গেই মেয়াদ বৃদ্ধির কথা সরকারিভাবে জানিয়ে দিল বিসিসিআই।
দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়। আপাতত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে ভারপ্রাপ্ত কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন ভিভিএস লক্ষ্মণ। কিন্তু এই সিরিজের পর কে স্থায়ীভাবে রোহিত-বিরাটদের হেডস্যারের হটসিটে বসবেন তা নিয়ে চর্চা তুঙ্গে ছিল কয়েকদিন ধরেই। অবশেষ দ্য ওয়ালের হাতেই থাকছে ভারতীয় ক্রিকেট দলের ভার।

একইসঙ্গে এমনসিএ-র কোচ হিসাবে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ভিভিএস লক্ষ্ণণের। তাঁর সাপোর্ট স্টাফদেরও মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বুধবার বেলায় ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড সর্বসম্মত ভাবে কোচ রাহল দ্রাবিড় এবং পুরুষ দলের সমস্ত সাপোর্ট স্টাফদের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
তবে দ্রাবিড়ের সঙ্গে কতদিনের চুক্তি হচ্ছে সেটা অবশ্য বোর্ডের বার্তায় জানানো হয়নি। দ্রাবিড়ের পাশাপাশি এনসিএ-র হেড কোচ হিসাবে লক্ষ্মণের কাজের ভূয়সী প্রশংসা করা হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে।
শাস্ত্রী অধ্যায় শেষ হওয়ার পর দুই বছর আগে ভারতীয় দলের কোচ হন রাহুল দ্রাবিড়। তাঁর কোচিংয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় এবং ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফি জেতে টিম ইন্ডিয়া।
তাঁর কোচিংয়ে তিনটি আইসিসি ট্রফি খেলেছে ভারত। ২০২২ সালে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাইলে ভারত ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হারে ভারত। চলতি বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এবং একদিনের বিশ্বকাপে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় টিম ইন্ডিয়াকে। তবু দ্রাবিড়ের উরপরই ভরসা রাখল বিসিসিআই।
বোর্ড সভাপতি রজার বিনি তাঁর বার্তায় লিখেছেন, 'ভারতীয় দলের হেড কোচ হলে সব সময় চাপ নিতে হয়। সেই চাপের মধ্যে থেকেই দ্রাবিড় যে ভাবে সাফল্য পেয়েছে সেটার জন্য ওনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমি অন্যন্ত খুশি দ্রাবিড় আবার কোচের দায়িত্ব নেওয়ার জন্য। বিসিসিআই এবং দ্রাবিড়ের মধ্যে সুসম্পর্ক রয়েছে, আশা করছি আগামী দিনে দ্রাবিড় আরও সাফল্য পাবে এবং এক দৃষ্টান্ত স্থাপন করবেন কোচ হিসাবে।'
সচিব জয় শাহ বলেছেন, 'এই মুহূর্তে ভারতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার জন্য দ্রাবিড়ের থেকে যোগ্য ব্যক্তি কেউ নেই।। মাননীয় দ্রাবিড় পেশাদারিত্ব ও দক্ষতা দিয়ে ইতিপূর্বেই নিজেকে প্রমাণ করেছেন। দল সব ফর্ম্যাটেই এক নম্বরে আছে। আমরা বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতেছি। আগামী দিনে সাফল্যের জন্য কোচকে আমরা পূর্ণ সমর্থন ও সহযোগিতা করব।’












Click it and Unblock the Notifications