আইপিএলের নতুন দলের জন্য দরপত্র কেনার সময়সীমা বাড়াল বিসিসিআই, জেনে নিন দিন
আইপিএলের নতুন দুই দলেরর টেন্ডার প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল বিসিসিআই।
আগামী মরসুমের আইপিএলে আরও দুটি নতুন দল অন্তর্ভূক্ত হতে চলেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে দল দুটি বিক্রির প্রক্রিয়া। টেন্ডার আহ্বান করেছে বিসিসিআই। ইতিমধ্যে করোনা ভাইরাসের জেরে থমকে থাকা আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। একই সঙ্গে টুর্নামেন্টের পরবর্তী সংস্করণের অন্তর্ভূক্ত হতে চলা দুই দলের জন্য দরপত্র কেনার প্রক্রিয়াও চলছে। যা সামান্য বিলম্বিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

আগামী বছরের আইপিএলে যে আরও দুটি দল অন্তর্ভূক্ত করা হবে, তা আগেই ঠিক হয়ে গিয়েছিল। প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ৩১ অগাস্ট নতুন দুটি দল বিক্রির জন্য টেন্ডার ডেকেছিল আইপিএলের গভর্নিং কাউন্সিল। কোনও একটি ইচ্ছুক সংস্থা একটি দলের জন্য টেন্ডার ফেলতে পারবেন বলে জানানো হয়েছে। ১০ লক্ষ টাকার বিনিময়ে আগামী ৫ অক্টোবরের মধ্যে দরপত্রের তথ্য কিনতে হবে বলে জানানো হয়েছিল। সেই সময়সীমা পাঁচ দিন বাড়ানো হয়েছে। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে যে আগামী ১০ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট প্রক্রিয়া চলবে।
টেন্ডার জমা দেওয়ার ক্ষেত্রে সাবজেক্ট লাইনে "ITT for the Right to Own and Operate One of Two Proposed New IPL Teams" লিখে মেল মারফত পাঠাতে হবে। কী যোগ্যতা থাকলে আইপিএলের নতুন দল কেনা যাবে, বিড জমা দেওয়ার নিয়ম, প্রস্তাবিত নতুন দলের অধিকার সম্পর্কিত তথ্য ইনভিটিশন অফ টেন্ডারে (Invitation to Tender বা ITT) পাওয়া যাবে বলেও জানানো হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগামী ১৭ অক্টোবর এই নিলামের আসর বসতে চলেছে। এ ব্যাপারে বিসিসিআইয়ের তরফে সরকারি বিবৃতি পরে প্রকাশ করা হবে। স্থান এবং সময় তখনই বলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আগামী বছরের আইপিএলে যে নতুন দুই দলের অন্তর্ভূক্তি ঘটতে চলেছে, তাদের বেস প্রাইজ দুই হাজার কোটি টাকা হতে চলেছে। এর ওপর ফেলা টেন্ডারের মাধ্যমে দুই নতুন দল বিক্রি করে ভারতীয় ক্রিকেট বোর্ড পাঁচ হাজার কোটি টাকারও বেশি রোজগার করতে চলেছে বলে ধরে নেওয়া হয়েছে। আইপিএল ২০২২-এ অন্তর্ভূক্ত হতে চলা নতুন দলের জন্য বেস প্রাইজ প্রথমে ১৭০০ কোটি টাকা ধরা হয়েছিল। আপাতত তা বাড়িয়ে দুই হাজার কোটি টাকা করা হয়েছে বলে খবর। যে সংস্থা বার্ষিক ৩ হাজার কোটি টাকা ও তার বেশি আর্থিক লেনদেন করে থাকে, একমাত্র তাদেরই আইপিএলের দল কেনার বিডে অংশ নিতে দেওয়া হবে বলে নিয়ম তৈরি করা হয়েছে বলেও শোনা যাচ্ছে।












Click it and Unblock the Notifications