লর্ডস থেকে লিডসে পৌঁছাল ভারত, টি ২০ বিশ্বকাপ নিয়ে সৌরভ ও বিরাটের মধ্যে কী কথা?
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণে দুটি টেস্টের পর ইংল্যান্ডের চেয়ে এক-শূন্য ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে বিরাট কোহলির দল। আরও তিনটি টেস্ট খেলবে ভারত, তারপর ক্রিকেটাররা নামবেন আইপিএল অভিযানে। আইপিএল শেষ হতেই শুরু টি ২০ বিশ্বকাপ। অক্টোবরের ২৪ তারিখ পাকিস্তান ম্যাচ দিয়ে ভারতের অভিযান শুরু। ফলে ইতিমধ্যেই রোডম্যাপ তৈরির কাজ শুরু করে দিয়েছে বিসিসিআই। লর্ডস টেস্টের ফাঁকেই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ ও সহ সভাপতি রাজীব শুক্লা এ বিষয়ে কথা বললেন ভারত অধিনায়কের সঙ্গে।

কী নিয়ে কথা?
বিসিসিআই সূত্রে সৌরভদের সঙ্গে বিরাটদের ইনফরমাল বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে টি ২০ বিশ্বকাপ সংক্রান্ত পরিকল্পনার নানা দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত গোটা ভারতীয় দলেরই ফোকাস ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে। কিন্তু তারই মধ্যে কয়েকটি ক্ষেত্র নিয়ে ভাবনাচিন্তা চলছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশ টি ২০ বিশ্বকাপের দল ঘোষণা করে দিয়েছে। ভারতীয় দল ঘোষণার সম্ভাবনা চলতি মাসের শেষ বা আগামী মাসে। বিসিসিআই সূত্রের দাবি, যেহেতু ইংল্যান্ড সিরিজের পরেই আইপিএল এবং তারপরই বিশ্বকাপ, ফলে হাতে বেশি সময় নেই। তাই মূলত রোডম্যাপ নিয়েই ভারত অধিনায়কের সঙ্গে কথা বলেছেন সৌরভরা।

বিরাট ব্যর্থতা
ট্রেন্ট ব্রিজ টেস্টে জয় হাতছাড়া হয়েছিল। লর্ডস টেস্টে জিতে তাই কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন অধিনায়ক বিরাট। কিন্তু তাঁর ব্যাটে রানের খরা অব্যাহত। তিনটি টেস্ট আর আইপিএলই বিরাট পাবেন ছন্দে ফিরতে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ বাদ দিলে সিনিয়র পর্যায়ে কোনও আইসিসি ট্রফি জেতেননি অধিনায়ক বিরাট। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল। ২০১৯ সালে নিউজিল্যান্ডের কাছে হেরে সেমিফাইনাল থেকেই ছিটকে যেতে হয়। নিউজিল্যান্ডের কাছে হেরেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফিও অধরা থাকে বিরাটদের। শুধু তাই নয়, ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর আর কোনও আইসিসি ট্রফি ঘরে আনতে পারেনি ভারত। তবে ভারতীয় ক্রিকেট দল যে ফর্মে রয়েছে তাতে টি ২০ বিশ্বকাপে বিরাটের আইসিসি ট্রফি জয়ের খরা কাটতে পারে বলে আশা ক্রিকেট মহলের। সে কারণেই বিরাট কোহলি, কোচ রবি শাস্ত্রীর সঙ্গে শলাপরামর্শ করে চেতন শর্মার নেতৃত্বাধীন জাতীয় নির্বাচকমণ্ডলী কতটা সেরা দল বাছতে পারে সেটার জন্যই চলছে অপেক্ষা।

দল নিয়ে ভাবনা
বিগত বেশ কয়েকটি আইসিসি টুর্নামেন্টে ভারতের ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে যে উঠে এসেছে তা হল সঠিক কম্বিনেশন নিয়ে নামতে না পারা। ২০১৬ সালের পর টি ২০ বিশ্বকাপে সেই খামতি মেটানোও বড় চ্যালেঞ্জ ভারতের। ২০১৯ সালে বিশ্বকাপে ভারতকে ভুগিয়েছিল মিডল অর্ডার। তবে টি ২০ দলের প্রথম একাদশ মোটামুটিভাবে ভারতের তৈরি। কয়েকটি জায়গা শুধু ভরাট করতে হবে সঠিক ক্রিকেটারকে বাছাই করে। ইশান্ত শর্মা ও উমেশ যাদব যে টি ২০ বিশ্বকাপের দলে থাকবেন না সেটা পরিষ্কার। ফলে আইপিএলে মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ-র ওয়ার্কলোড কীভাবে ম্যানেজ করা যায় সেটা নিয়ে ভাবনাচিন্তা চলছে। ভুবনেশ্বর কুমার ও দীপক চাহারকে একসঙ্গে প্রথম একাদশে খেলানো হবে, নাকি মহম্মদ সিরাজের ফর্মের কথা ভেবে তাঁকে বিশ্বকাপের দলে রাখা হবে তা নিয়েও চুলচেরা বিশ্লেষণ। যুজবেন্দ্র চাহাল ও রবীন্দ্র জাদেজার সঙ্গে স্পিনার হিসেবে কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও রাহুল চাহারের মধ্যে কাদের বিশ্বকাপের দলে ঠাঁই হয় সেটাও দেখার। হার্দিক পাণ্ডিয়া কি পুরো চার ওভারের কোটা বল করার মতো জায়গায় এসেছেন, শ্রেয়স আইয়ার না সূর্যকুমার যাদব কার ঠাঁই হবে টি ২০ বিশ্বকাপের দলে, এমন নানা বিষয় জল্পনা অব্যাহত।
ভারত লিডসে
এরই মধ্যে তৃতীয় টেস্ট খেলতে আজ লিডসে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল। পৃথ্বী শ নিজের ইনস্টাগ্রামে লিডস সফরের দুটি ছবি শেয়ার করেছেন। যা দিল্লি ক্যাপিটালসের তরফেও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ২৫ অগাস্ট থেকে হেডিংলিতে শুরু ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট।












Click it and Unblock the Notifications