ঋদ্ধিমানের চাঞ্চল্যকর অভিযোগের হেস্তনেস্ত হবে কি? বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ বৈঠক ২৩ এপ্রিল
আইপিএল চলাকালীনই বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক বসতে চলেছে ২৩ এপ্রিল। আর সেখানেই পরিষ্কার হতে পারে, সাংবাদিকের বিরুদ্ধে হুমকির যে অভিযোগ ঋদ্ধিমান সাহা তুলেছিলেন, তার জল গড়াবে কোন দিকে। ঋদ্ধিমান রয়েছেন গুজরাত টাইটান্স দলে। যদিও এখনও একটি ম্যাচেও প্রথম একাদশে দেখা যায়নি তাঁকে। তারই মধ্যে নজরে ২৩ এপ্রিল।

(ছবি- ঋদ্ধিমান সাহার ইনস্টাগ্রাম)
ইন্টারভিউ দিতে রাজি না হওয়ায় এক সাংবাদিক তাঁকে হুমকি দিয়েছিলেন বলে প্রমাণ-সহ সোশ্যাল মিডিয়ায় দাবি করেন ঋদ্ধিমান সাহা। ভারতীয় দল থেকে বাদ পড়ার পরই তাঁর এই চাঞ্চল্যকর অভিযোগে শোরগোল পড়ে ভারতীয় ক্রিকেটে। তবে সিএবির কাউকেই পাশে পাননি পাপালি। বীরেন্দ্র শেহওয়াগ, ইরফান পাঠান-সহ প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা ঋদ্ধিকে ওই সাংবাদিকের নাম প্রকাশের দাবি জানান। বাংলা দলে অশোক দিন্দার মতো হাতে গোনা প্রাক্তন কয়েকজন সতীর্থও প্রকাশ্যে ঋদ্ধির পাশে দাঁড়িয়ে সিএবির ভূমিকার সমালোচনা করেন। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আশ্বস্ত করা সত্ত্বেও বাদ পড়ে তিনি যে অবাক সে কথা জানিয়েছিলেন ঋদ্ধি। তারপরই সিএবির সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও যুগ্ম সচিব দেবব্রত দাস ঋদ্ধির সমালোচনায় নামেন। তারপর বোর্ড সভাপতি-সহ সিএবি ঘনিষ্ঠ সাংবাদিকের বিরুদ্ধে ঋদ্ধি অভিযোগ তোলায় দূরত্ব বজায় রাখে রাজ্যের সর্বোচ্চ নিয়ামক ক্রিকেট সংস্থা।

তবে এ বিষয়ে হাত গুটিয়ে বসে থাকেনি বিসিসিআই। গঠন করা হয় তদন্ত কমিটি। সেই তদন্ত কমিটির সদস্যদের কাছে ঋদ্ধিমান নিজের বক্তব্য পেশ করেন। এরপর বোরিয়া মজুমদার নামের এক সাংবাদিক প্রকাশ্যে দাবি করেন, ঋদ্ধি যে হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা উল্লেখ করে তাঁকে নিশানা করেছেন তা সঠিক নয়, বিকৃত করা হয়েছে। যদিও বোরিয়ার যুক্তি হাস্যকরই ঠেকেছে অনেকের কাছে, এ জন্য সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হতে হয়েছে বোরিয়াকে। বিসিসিআইয়ের গড়া তিন সদস্যের তদন্ত কমিটিতে ছিলেন বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ অরুণ ধুমল ও অ্যাপেক্স কাউন্সিল সদস্য প্রভতেজ ভাটিয়া। তদন্ত কমিটি ঋদ্ধির পাশাপাশি বোরিয়ার সঙ্গেও কথা বলেছে। তার ভিত্তিতেই কমিটির রিপোর্ট পেশ করা হবে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে। সেদিনই বিষয়টির হেস্তনেস্ত হওয়ার সম্ভাবনা।
After all of my contributions to Indian cricket..this is what I face from a so called “Respected” journalist! This is where the journalism has gone. pic.twitter.com/woVyq1sOZX
— Wriddhiman Saha (@Wriddhipops) February 19, 2022
অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের যে আলোচ্যসূচি স্থির রয়েছে, সেই তালিকার চার নম্বরে রয়েছে ঋদ্ধিমানের বিষয়টি নিয়ে তদন্ত কমিটির রিপোর্টের পর্যালোচনার কথা। ঋদ্ধিমান বোর্ডের সেন্ট্রাল কনট্রাক্টে থাকা ক্রিকেটার। তাঁর গত ১৯ ফেব্রুয়ারির টুইট বিস্ফোরণ স্বাভাবিকভাবেই অন্য মাত্রা যোগ করেছে। তাছাড়া হেড কোচ রাহুল দ্রাবিড় দক্ষিণ আফ্রিকায় তাঁকে যে জানিয়েছিলেন ভারতীয় দলে তাঁর কথা ভাবা হচ্ছে না, সেই কথাটিও জনসমক্ষে আনেন ঋদ্ধি। ২০১০ সালে অভিষেকের পর থেকে ৪০টি টেস্ট খেলেছেন ঋদ্ধিমান। কিন্তু কয়েক বছর ধরে ঋষভ পন্থের উত্থানে তাঁকে রিজার্ভ উইকেটকিপার হিসেবেই থাকতে হচ্ছিল। তাতেও সুযোগ পেলেই নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন ঋদ্ধি, ভারতকে পরাজয়ের হাত থেকেও বাঁচিয়েছেন। গত বছর কানপুর টেস্টেও চোট নিয়ে খেলে তিনি পরিত্রাতার ভূমিকা পালন করেছিলেন। তাঁর কিপিংয়ের দক্ষতাও প্রশ্নাতীত। এই অবস্থায় বোর্ড কী পদক্ষেপ করে সেদিকে নজর থাকছে। সাতটি বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে ২৩ তারিখের বৈঠকে। আইপিএলের শেষে রঞ্জির নক আউট পর্বের খেলাগুলি ৩০ মে থেকে ২৬ জুনের মধ্যে কোথায় হবে তাও চূড়ান্ত হতে পারে ওই বৈঠকে।












Click it and Unblock the Notifications