BCCI Apex Council meeting: এশিয়াডে অংশ গ্রহণে সিলমোহর, আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বোর্ড
জল্পনা ছিলই। শুক্রবার পড়ল সরকারি সিলমোহর। প্রথমবার এশিয়ান গেমসে অংশ নিচ্ছে ভারতীয় ক্রিকেট দল। মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবে সিলমোহর দিল। ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি ম্যাচও খেলবে টিম ইন্ডিয়া। স্বাভাবিকভাবেই এশিয়ান গেমসে খেলার জন্য মূল সারির কোনও ক্রিকেটারকে ছাড়তে পারবে না বোর্ড।
মূলত 'বি' টিমই পাঠানো হবে এশিয়াডের জন্য। তবে সরকারিভাবে বোর্ডের পক্ষ থেকে এই শব্দ উল্লেখ করা হয়নি। সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআই জানিয়েছে, "কার্যকর পরিকল্পনা, যোগাযোগ এবং সমন্বয়ের মাধ্যমে, বিসিসিআই এই চ্যালেঞ্জগুলি সফলভাবে মোকাবেলা করতে চায় এবং ভারত সরকারের নির্দেশনা অনুসারে পুরুষ ও মহিলা উভয় বিভাগে একটি দল রেখে জাতীয় স্বার্থে অবদান রাখতে চায়।"

সূত্রের খবর, এশিয়ান গেমসের জন্য অধিনায়ক করা হতে পারে শিখর ধাওয়ানকে। তাঁর নেতৃত্বেই দল পাঠাতে পারে বিসিসিআই। সেই দলে সুযোগ দেওয়া হবে এক ঝাঁক তরুণ ক্রিকেটারকে। যারা আইপিএলে ভালো পারফরম্যান্স করেছেন।
২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়াডের মেগা ইভেন্টে দ্বিতীয় সারির ভারতীয় পুরুষ ক্রিকেট দল অংশ নেবে, তবে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া মহিলাদের ইভেন্টের জন্য একটি পূর্ণ শক্তির দলই পাঠাবে বিসিসিআই। কমনওয়েলথ গেমসে রূপো জয়ের পর এবার এশিয়ান গেমসে পদক জয়ের হাতছানি ভারতীয় মহিলা দলের সামনে।

সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতেও ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম বহাল থাকছে বলে সিদ্ধান্ত নেওয়া হল।আইপিএলের মতোই এই টি টোয়েন্টি টুর্নামেন্টেও দুই দলই ইমপ্যাক্ট প্লেয়ারের সুবিধা পাবে।












Click it and Unblock the Notifications