BCCI Player Contracts: শ্রেয়স-ঈশানকে বার্তা রবি শাস্ত্রীর, বোর্ডের সঙ্গে চুক্তিতে কাদের পদোন্নতি, নামলেন কারা?
BCCI Player Contracts: ভারতীয় সিনিয়র পুরুষ দলের ক্রিকেটারদের সঙ্গে বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। তাতে উল্লেখযোগ্যভাবে নেই শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণের নাম।
এই দুই ক্রিকেটারকে দারুণভাবে কামব্যাকের পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। একনজরে দেখে নেওয়া যাক বার্ষিক চুক্তিতে কাদের পদোন্নতি হলো, নেমেই বা গেলেন কারা?

ভারতীয় দলে টেস্ট অভিষেকের পর দুরন্ত ফর্মে থাকা যশস্বী জয়সওয়াল সোজাসুজি ঢুকে পড়েছেন গ্রেড বি-তে, যে চুক্তির পরিমাণ বার্ষিক ৩ কোটি টাকা। গত আর্থিক বছরে ২৬ জন ক্রিকেটারের নাম ছিল চুক্তির তালিকায়। এবার সেটা বেড়ে হয়েছে ৩০।
যে ক্রিকেটারদের চুক্তিতে পদোন্নতি ঘটেছে তাঁরা হলেন শুভমান গিল, লোকেশ রাহুল ও মহম্মদ সিরাজ। এঁরা সকলেই গ্রেড বি থেকে গ্রেড এ-তে উঠে এসেছেন। এ ছাড়া গ্রেড সি থেকে গ্রেড বি-তে উঠে এসেছেন কুলদীপ যাদব। অক্ষর প্যাটেল ও ঋষভ পন্থ গ্রেড এ থেকে নেমে গিয়েছেন গ্রেড বি-তে।
গ্রেড সি-তে এবার নতুন এলেন রিঙ্কু সিং, তিলক বর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবি বিষ্ণোই, জিতেশ শর্মা, মুকেশ কুমার, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান ও রজত পাটীদার।
যে ক্রিকেটাররা গ্রেড সি-তে জায়গা ধরে রেখেছেন তাঁরা হলেন সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, কেএস ভরত। বোর্ডের বার্ষিক চুক্তি থেকে শ্রেয়স ও ঈশানের সঙ্গে বাদ পড়লেন চেতেশ্বর পূজারা, উমেশ যাদব, শিখর ধাওয়ান, দীপক হুডা ও যুজবেন্দ্র চাহাল।
২০২২-২৩ মরশুমে ৭ কোটি টাকার গ্রেড এ প্লাসে ছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। এবারও তাঁরাই রয়েছেন। আগের চুক্তিতে গ্রেড এ-তে ছিলেন হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ঋষভ পন্থ ও অক্ষর প্যাটেল।
নতুন চুক্তিতে অক্ষর নেমে গিয়েছেন। সিরাজ, গিল ও রাহুল চলে এসেছেন গ্রেড এ-তে। গ্রেড বি থেকে বাদ পড়েছেন পূজারা ও শ্রেয়স আইয়ার। ঈষাণ কিষাণের নাম ছিল গ্রেড সি-তে। তিনিও ছিটকে গিয়েছেন।
In the game of cricket, comebacks define the spirit. Chin-up, @ShreyasIyer15 and @ishankishan51! Dig deep, face challenges, and come back even stronger. Your past achievements speak volumes, and I have no doubt you'll conquer once again.
— Ravi Shastri (@RaviShastriOfc) February 28, 2024
এর ফলে পূজারা, অজিঙ্ক রাহানেদের ভারতীয় দলে জায়গা না পাওয়ার ইঙ্গিত স্পষ্ট। তবে শ্রেয়স ও ঈশানকে হাল না ছাড়ার বার্তা দিয়েছেন রবি শাস্ত্রী। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ক্রিকেট খেলায় কামব্যাকের মাধ্যমেই স্পিরিট পরিলক্ষিত হয়। মাথা উঁচু করে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করে এই ক্রিকেটাররা আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াবেন বলে আত্মবিশ্বাসী শাস্ত্রী।












Click it and Unblock the Notifications