বিশ্বজয়ীদের ৫১ কোটি টাকা দিচ্ছে বিসিসিআই, হিরের গয়না ও সোলার প্যানেল দেওয়ার ঘোষণা ব্যবসায়ীর
প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই সাফল্য দেশের মহিলা ক্রিকেটকে আরও কতটা উঁচুতে নিয়ে যেতে উৎসাহিত করবে তা বলবে সময়।
তবে ইতিমধ্যেই অভিনন্দনের জোয়ারে ভাসছে হরমনপ্রীত কৌর অ্যান্ড কোং। ঘোষণা হচ্ছে নানাবিধ পুরস্কার। আসছে বাণিজ্যিক এনডোর্সমেন্টের প্রস্তাবও।

বিসিসিআই ইতিমধ্যেই বিশ্বকাপজয়ী ভারতীয় দলের জন্য ৫১ কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, এই অর্থ ক্রিকেটারদের পাশাপাশি সাপোর্ট স্টাফ ও নির্বাচকমণ্ডলীকেও দেওয়া হবে।
সুরাটের ব্যবসায়ী তথা রাজ্যসভার সদস্য গোবিন্দ ঢোলাকিয়া ভারতীয় মহিলা ক্রিকেট সদস্যদের হিরের গয়না ও সোলার প্যানেল দেওয়ার ঘোষণা করেছেন। গতকাল বিশ্বকাপ ফাইনালের আগেই তিনি বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লাকে চিঠি লিখে জানিয়েছিলেন, ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের তাঁর কোম্পানি শ্রী রামকৃষ্ণ এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড হাতে তৈরি হিরের গয়না দিতে আগ্রহী। সেই সঙ্গে প্রত্যেকের বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।
ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে রিয়ালিটি ফার্ম ওমেক্স লিমিটেড। এটি পঞ্জাবের সংস্থা। দিল্লিতে বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম তৈরি-সহ ক্রীড়াবিদদের জন্য পরিকাঠামো সুনিশ্চিত করার একাধিক পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
বিভিন্ন রাজ্য সরকারের তরফে বিশ্বজয়ী ক্রিকেটারদের অভিনন্দন বার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে আবার মধ্যপ্রদেশ সরকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডে চত্তারপুরের ঘুওয়ারায় বাড়ি ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য ক্রান্তি গৌড়ের। তিনি ফাইনালেও খেলেছেন। ক্রান্তিকে ১ কোটি টাকা রাজ্য সরকার দেবে বলে জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ঘোষণা করেছেন, রেণুকা সিং ঠাকুরকে ১ কোটি টাকা দেওয়া হবে সরকারের তরফে। ফোনে রেণুকাকে তিনি জানিয়েছেন, ফাইনাল ম্যাচ দেখেছি। গোটা হিমাচল গর্বিত। রেণুকাকে সরকারি চাকরি দেওয়ার কথাও জানান হিমাচলের মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications