IPL 2022 : টেন্ডার আহ্বানের মাধ্যমে নতুন দুই নতুন দলের অন্তর্ভূক্তির প্রক্রিয়া শুরু
আইপিএল ২০২২-র নতুন দুই দল বিক্রির জন্য টেন্ডার আহ্বান করল বিসিসিআই।
২০২২ সালের আইপিএলে যে দুটি নতুন দলকে অন্তর্ভূক্ত করা হবে, তা আগে থেকেই ঠিক হয়ে গিয়েছিল। এবার দল দুটি বিক্রির জন্য টেন্ডার আহ্বান করে উক্ত কাজের প্রাথমিক প্রক্রিয়াও শুরু করে দিল বিসিসিআই। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতি জারি করে দরপত্র জমা সহ অন্যান্য নিয়ম সম্পর্কে সামান্য ধারণা দেওয়া হয়েছে। ইচ্ছুক সংস্থাগুলিকে কবের মধ্যে কীভাবে টেন্ডার জমা দিতে হবে, সেটাও স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে।
|
টেন্ডার ডাকল আইপিএল
আগামী বছরের আইপিএলে যে আরও দুটি দল অন্তর্ভূক্ত করা হবে, তা আগেই ঠিক হয়ে গিয়েছিল। ভিতরে ভিতরে এর প্রক্রিয়াও শুরু করে দিয়েছিল বিসিসিআই। অবশেষে সেই বহু প্রতীক্ষিত চলে এল। নতুন দুটি দল বিক্রির জন্য টেন্ডার ডাকল আইপিএলের গভর্নিং কাউন্সিল। কোনও একটি ইচ্ছুক সংস্থা একটি দলের জন্য টেন্ডার ফেলতে পারবেন বলে জানানো হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে ittipl2021@bcci.tv আইডি-কে মেল করে দরপত্র জমা দিতে হবে বলে বিসিসিআই সচিব জয় শাহের তরফে প্রকাশ করা বিবৃতিতে বলা হয়েছে।

টেন্ডার জমা দেওয়ার ক্ষেত্রে কী নিয়ম
মঙ্গলবার বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে সাবজেক্ট লাইনে "ITT for the Right to Own and Operate One of Two Proposed New IPL Teams" লিখে মেল মারফত টেন্ডার পাঠাতে হবে। কী যোগ্যতা থাকলে আইপিএলের নতুন দল কেনা যাবে, বিড জমা দেওয়ার নিয়ম, প্রস্তাবিত নতুন দলের অধিকার সম্পর্কিত তথ্য ইনভিটিশন অফ টেন্ডারে (Invitation to Tender বা ITT) পাওয়া যাবে। অফেরৎ যোগ্য ১০ লক্ষ টাকা (গুডস ও সার্ভিস ট্যাক্স অতিরিক্ত) জমা দেওয়ার পর ITT পাওয়া যাবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

বেস প্রাইজ কত
এক সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী আগামী বছর আইপিএলে যে নতুন দুই দলের অন্তর্ভূক্তি ঘটতে চলেছে, তাদের বেস প্রাইজ দুই হাজার কোটি টাকা হতে চলেছে। এর ওপর ফেলা টেন্ডারের মাধ্যমে দুই নতুন দল বিক্রি করে ভারতীয় ক্রিকেট বোর্ড পাঁচ হাজার কোটি টাকারও বেশি রোজগার করতে চলেছে বলে ধরে নেওয়া হয়েছে। আইপিএল ২০২২-এ অন্তর্ভূক্ত হতে চলা নতুন দলের জন্য বেস প্রাইজ প্রথমে ১৭০০ টাকা ধরা হয়েছিল। আপাতত তা বাড়িয়ে দুই হাজার কোটি টাকা করা হয়েছে বলে খবর। যে সংস্থা বার্ষিক ৩ হাজার কোটি টাকা ও তার বেশি আর্থিক লেনদেন করে থাকে, একমাত্র তাদেরই আইপিএলের দল কেনার বিডে অংশ নিতে দেওয়া হবে বলে নিয়ম তৈরি করা হয়েছে বলেও শোনা যাচ্ছে।

টেন্ডার ফেলতে পারেন কারা
দেশের দুই বড় শহরের নামেই আইপিএলের নতুন দলের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। চূড়ান্ত ভাবে কিছু ঠিক না হলেও প্রাপ্ত খবর অনুযায়ী ২০২২ সালে আহমেদাবাদের নামে এক দলের অন্তর্ভূক্তি ঘটতে চলেছে। দ্বিতীয় দলের ফ্র্যাঞ্চাইজ শহর হওয়ার দৌড়ে পুনে ও লখনৌয়ের মধ্যে লড়াই হাড্ডাহাড্ডি বলে জানানো হয়েছে। এর আগে আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্টের মালিকপক্ষের দায়িত্ব পালন করা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা এবারও বিড করতে পারেন বলে খবর। আমেদাবাদ দলের মালিকানা পেতে ঝাঁপাতে পারেন শিল্পপতি গৌতম আদানি। যদিও এ সংক্রান্ত স্পষ্ট কোনও চিত্র এখনও পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications