ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই, দলে নেই বিরাট কোহলির নাম
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই, দল থেকে বাদ বিরাট কোহলি
ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া হল বিরাট কোহলিকে। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ভারতের যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই-এর সিনিয়র সিলেকশন কমিটি তাতে নাম নেই বিরাট কোহলির। বিরাটকে ছাড়াই রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় দল নিয়ে পাড়ি দেবেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। বিরাটের মতোই বাদ পড়েছেন তরুণ পেসার উমরান মালিক।

বৃহস্পতিবার যে দল বিসিসিআই-এর সিনিয়র সিলেকশন কমিটি নির্বাচন করেছে প্রধান নির্বাচক চেতন শর্মার নেতৃত্বে সেই দলে বিরাট কোহলির পাশাপাশি সিনিয়র ক্রিকেটারদের মধ্যে বাদ দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহকেও।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। দলে ডাক পেয়েছেন বর্ষীয়ান স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের দলে সুযোগ পেয়েছেন দুরন্ত ফর্মে থাকা দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব এবং ঈশান কিষান। ২৯ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই পাঁচ ম্যাচের সিরিজ খেলা হবে। ৭ অগস্ট পর্যন্ত চলবে এই সিরিজ। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে খেলা হবে প্রথম ম্যাচ। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ খেলা হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে। ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে খেলা হবে শেষ দু'টি ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষিত দলে নির্বাচকরা রেখেছেন কে এল রাহুল এবং কুলদীপ যাদবকে। এই দুই ক্রিকেটার ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলে তবেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার জন্য বিমানে উঠতে পারবেন। কিছু দিন আগেই সফল ভাবে অস্ত্রোপচার হওয়ার পর দেশে ফিরে এসেছেন কে এল রাহুল। এখন তাঁর রিহ্যাব চলছে।
পরের পর সিরিজ খেলতে হচ্ছে ভারতকে। বিশ্বকাপের আগে ওয়ার্ক লোড ম্যানেজ করার লক্ষ্যে বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। গত বছর আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২১-এর গ্রুপ পর্ব থেকে ভারতীয় দল ছিটকে যাওয়ার পর অধিনায়কত্ব ছাড়েন বিরাট কোহলি। ভারতের কোচের পদ থেকে বিদায় ঘটে রবি শাস্ত্রীর। এই জুটি দায়িত্ব থেকে যাওয়ার পর রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় জামানা শুরু হয় ভারতীয় ক্রিকেটে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ঘোষিত ভারতের দল:
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, ভুবনেশ্বর, আভেষ খান, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং












Click it and Unblock the Notifications