ঘরোয়া টুর্নামেন্টে ক্রিকেটারদের ক্ষতিপূরণ-সহ ম্যাচ ফি বাড়াল বিসিসিআই, কারা পাবেন কত বেতন?
দুশ্চিন্তার অবসান। গত মরশুমে রঞ্জি ট্রফি-সহ বিভিন্ন টুর্নামেন্ট করোনা পরিস্থিতির জেরে বাতিল করার পথে হাঁটতে হয়েছিল বিসিসিআইকে। সীমিত ওভারের টুর্নামেন্ট ছাড়া সিংহভাগ টুর্নামেন্ট বাতিলের জেরে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েন ঘরোয়া ক্রিকেট খেলা ক্রিকেটাররা। তাঁদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বিসিসিআইয়ের কাছে বিভিন্ন আবেদন আসতে থাকে। পরিস্থিতি পর্যালোচনা করতে একটি কমিটিও গঠন করা হয়। সেই সুপারিশ পাওয়ার পর আজ বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই।
Cricketers who participated in 2019-20 Domestic Season will get 50 per cent additional match fee as compensation for season 2020-21 lost due to COVID-19 situation #BCCIApexCouncil
— Jay Shah (@JayShah) September 20, 2021

অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক
আইপিএল উপলক্ষে সংযুক্ত আরব আমিরশাহীতে উপস্থিত রয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ-সহ শীর্ষকর্তারা। আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলের সঙ্গে তাঁরা গতকাল দুবাইয়ের স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে উপস্থিত ছিলেন। নানা বিষয়ে কথাবার্তাও হয়। আজ ছিল বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক। সেই বৈঠক থেকেই বেরিয়ে এল ঘরোয়া ক্রিকেটারদের জন্য খুশির খবর।

ম্যাচ ফি বাড়ল অনেকটাই
বোর্ড সচিব জয় শাহ টুইট করে জানিয়েছেন, আসন্ন মরশুম থেকেই বাড়তে চলেছে ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি। ৪০টির বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের সিনিয়র হিসেবে ধরা হবে, তাঁদের ম্যাচ ফি দাঁড়াচ্ছে ৬০ হাজার টাকা। অনূর্ধ্ব ২৩ ক্রিকেটারদের ম্যাচ ফি ২৫ হাজার টাকা। অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়ে ২০ হাজার টাকা করা হল।

ক্ষতিপূরণে বিশেষ ব্যবস্থা
এদিনের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে আরেকটি যে বিষয়ের দিকে নজর ছিল তা হল গত মরশুমে রঞ্জি-সহ বিভিন্ন টুর্নামেন্ট বাতিলের জন্য ঘরোয়া ক্রিকেটাররা যে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সে ব্যাপারে কী পদক্ষেপ করবে বিসিসিআই? এদিন টুইটে বোর্ড সচিব জানিয়েছেন, ২০১৯-২০ মরশুমে যে ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেট মরশুমে খেলেছেন ২০২০-২১ ক্রিকেট মরশুমে টুর্নামেন্ট বাতিলের জন্য তাঁদের ম্যাচ ফি-র অতিরিক্ত ৫০ শতাংশ অর্থ ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। ২০১৯-২০ মরশুমে শেষ রঞ্জি ট্রফি হয়েছিল। সেই মরশুম অবধি সব দলেরই আটটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার নিশ্চয়তা পেত। কিন্তু পরিবর্তিত সূচি অনুযায়ী সেই সংখ্যা এবার আট থেকে কমে হয়েছে পাঁচ। ম্যাচের সংখ্যা কমলেও ক্রিকেটারদের আর্থিকভাবে যাতে ক্ষতির মুখে পড়তে না হয় সে কথা মাথায় রেখেই নতুন কমপেনসেশন প্যাকেজ তৈরি করেছে বিসিসিআই।

আগে ছিল
এবার একনজরে দেখা যাক গত মরশুম অবধি ক্রিকেটারদের ম্যাচ ফি কত টাকা ছিল। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, ঘরোয়া ক্রিকেট খেলার জন্য প্রতিদিন সিনিয়র ক্রিকেটার যাঁরা প্রথম একাদশে থাকতেন তাঁরা পেতেন ৩৫ হাজার টাকা এবং রিজার্ভে থাকা সিনিয়ররা ১৭৫০০ টাকা। অনূর্ধ্ব ২৩ ক্রিকেটাররা যাঁরা প্রথম একাদশে থাকতেন তাঁরা ম্যাচের দিন প্রতি পেতেন ১৭,৫০০ টাকা এবং রিজার্ভের ক্রিকেটাররা ৮,৭৫০ টাকায অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের ক্ষেত্রে এই প্রাপ্য অর্থের পরিমাণ যথাক্রমে ১০.৫০০ টাকা ও ৫,২৫০ টাকা। অনূর্ধ্ব ১৬ ক্রিকেটারদের ক্ষেত্রে প্রথম একাদশের ক্রিকেটারদের জন্য ৩,৫০০ টাকা ও দলের বাকিদের জন্য ১,৭৫০ টাকা ধার্য করা ছিল।

নতুন কাঠামোয় যা হল
বিসিসিআই নতুন যে ম্যাচ ফি বা বেতন কাঠামো তৈরি করল তার নিরিখে সিনিয়র পর্যায়ে ২০টি ম্যাচ খেলা ক্রিকেটাররা দিন প্রতি পাবেন ৪০ হাজার টাকা, যদি তাঁরা প্রথম একাদশে থাকেন। এই ক্যাটেগরিতে রিজার্ভে থাকা ক্রিকেটাররা দৈনিক ২০ হাজার টাকা পাবেন। ২১ থেকে ৪০টি ম্যাচ খেলা ক্রিকেটাররা প্রথম একাদশে থাকলে পাবেন ৫০ হাজার টাকা এবং রিজার্ভে থাকলে ২৫ হাজার টাকা। ৪০টির বেশি ম্যাচ খেলা ক্রিকেটাররা পাবেন ম্যাচের দিন হিসেবে প্রতিদিন ৬০ হাজার টাকা ও রিজার্ভে থাকা এই ক্যাটেগরির ক্রিকেটাররা পাবেন ৩০ হাজার টাকা করে। ২০২১-২২ মরশুমে যাঁরা অনূর্ধ্ব ২৫ ক্যাটেগরিতে পড়ছেন তাঁরা প্রথম একাদশে থাকলে পাবেন ২৫ হাজার টাকা, প্রথম একাদশের বাইরে থেকেও সংশ্লিষ্ট দলের ক্রিকেটাররা পাবেন ১২,৫০০ টাকা করে। অনূর্ধ্ব ১৯ বিভাগে প্রথম একাদশে থাকলে ক্রিকেটাররা দিন হিসেবে ২০ হাজার টাকা করে পাবেন এবং রিজার্ভে থাকলে ১০ হাজার টাকা পাবেন। অনূর্ধ্ব ১৬ বিভাগের ক্রিকেটাররা পাবেন যথাক্রমে সাত হাজার ও তিন হাজার টাকা করে।












Click it and Unblock the Notifications