ইংল্যান্ডে বিরাটদের কোয়ারেন্টাইন নিয়ে দর কষাকষিতে বিসিসিআই, আলোচনায় টেস্ট সিরিজ ও আইপিএল
ইংল্যান্ডে বিরাটদের কোয়ারেন্টাইন নিয়ে দর কষাকষিতে বিসিসিআই, আলোচনায় টেস্ট সিরিজ ও আইপিএল
কোনও অঘটন না ঘটলে জুনের শুরুতেই ইংল্যান্ডের বিমান ধরবেন বিরাট কোহলিরা। জো রুটদের দেশে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও অংশ নেবে টিম ইন্ডিয়া। এই দীর্ঘ সফরে ইংল্যান্ডে বিরাট অ্যান্ড কোংয়ের কোয়ারেন্টাই বিধি কম করার উদ্দেশে সে দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিসিআইয়ের লাগাতার কথা চলছে বলে সূত্রের খবর। দুই পক্ষের আলোচনায় আইপিএল প্রসঙ্গ ঘুরেফিরে আসছে বলেও খবর।

কোয়ারেন্টাইন নিয়ে দর কষাকষিতে বিসিসিআই
ইংল্যান্ড উড়ে যাওয়ার আগে ভারতীয় ক্রিকেটারদের মুম্বইয়ে ১৪ দিনের আইসোলেশনে থাকতে হবে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের বাড়ি থেকেই নিজের ও পরিবারের প্রতি সদস্যের কমপক্ষে দুটি কোভিড ১৯ নেগেটিভ রিপোর্ট নিয়ে মুম্বই পৌঁছতে হবে। ভারত ছাড়ার আগে টিম ইন্ডিয়ার প্রতি সদস্য আরও দুটি কোভিড ১৯ টেস্ট করা হবে বলে বিসিসিআই সূত্রে খবর। এত কড়াকড়ির বাধা টপকে ইংল্যান্ডে পৌঁছেও বিরাট কোহলিদের অন্তত সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ও আঁটোসাঁটো করা হয়েছে। সেই নিয়ম খানিকটা শিথিল করার জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিসিআইয়ের লাগাতার আলোচনা চলছে বলে এক সূত্র মারফত জানা গিয়েছে।

অস্ট্রেলিয়ায় তিক্ত অভিজ্ঞতা
অস্ট্রেলিয়া সফর চলার সময় ভারতীয় ক্রিকেটারদের সে দেশের কড়া কোয়ারেন্টাইন বিধির আওতায় পড়তে হয়েছিল। তা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ও সে দেশের প্রশাসনের সঙ্গে চিঠি যুদ্ধে জড়িয়েছিল বিসিসিআই। প্রতিবাদে সরব হয়েছিলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। বিরাট কোহলিদের ইংল্যান্ডেও যাতে একই অবস্থায় পড়তে না হয়, তাই বিসিসিআই আগেভাগে প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর।

আইপিএল ও টেস্ট সিরিজ
করোনা ভাইরাসের জেরে স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। চলতি বছরই টুর্নামেন্টের শেষাংশ আয়োজন করার চেষ্টা চললেও জায়গা পেতে কালঘাম ছুটছে বিসিসিআই। উপযাজক হয়ে সাহায্যের হাত আগেভাগেই বাড়িয়ে দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। জানিয়েছে যে বিসিসিআই চাইলে তাদের দেশে আইপিএল আয়োজন করতে পারে। তবে তা করার ক্ষেত্রে প্রধান বাধা ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ। যা সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা। আবার টি২০ বিশ্বকাপের আগে ওই সময়ই থমকে থাকা আইপিএলের ম্যাচগুলি আয়োজন করার চিন্তা ভাবনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই অবস্থায় ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ কোনওভাবে ছোট করে দেওয়া যায় কিনা বা এগিয়ে নিয়ে আসা যায় কিনা, তা নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিসিআইয়ের আলোচনা চলছে বলে সূত্র মারফত জানানো হয়েছে।

টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফর
২ জুন ইংল্যান্ডের বিমান ধরবেন বিরাট কোহলিরা। ১৮ জুন সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে টিম ইন্ডিয়া। অগাস্টে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। তা সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা।












Click it and Unblock the Notifications