আজ এশিয়া কাপে ভারত-বাংলাদেশ মহারণ : ধোনি না খেললে ব্যাটিং অর্ডার খোলনলচে পাল্টানোর ইঙ্গিত
মীরপুর, ২৪ ফেব্রুয়ারি : মহেন্দ্র সিং ধোনির চোট নিয়ে এদিন সকাল পর্যন্ত টিমের বাইরে কোনও খবর বের হয়নি। পিঠের পেশিতে টান ধরায় ধোনির খেলা নিয়ে সংশয় এখনও অব্যাহত থাকলেও তিনি খেলবেন না সেটা এখনও ঘোষণা করা হয়নি।
টিম ম্যানেজমেন্ট পুরো বিষয়টিই ধোনির উপরে ছেড়ে দিয়েছে। কারণ সামনেই এশিয়া কাপের অন্য ম্যাচ ছাড়াও টি২০ বিশ্বকাপ রয়েছে। সেখানে মিডল অর্ডারে বিশ্বস্ত 'ফিনিশার' মহেন্দ্র সিং ধোনিকে না পাওয়া গেলে বিপদে পড়বে ভারতীয় দল।

ধোনির বদলি হিসাবে পার্থিব প্যাটেলকে উড়িয়ে আনা হলেও তিনি ওপেনার। আর ধোনি ফিনিশার। ফলে ধোনি একান্তই খেলতে না পারলে ব্যাটিং অর্ডার খোলনলচে পাল্টে ফেলতে হবে ভারতকে। পার্থিব প্যাটেলকে কোথায় 'গোঁজা' যায় সেই জায়গা বের করাই এখন চ্যালেঞ্জ।
ধোনি না খেললে দলের দায়িত্ব নেবেন বিরাট কোহলি। তিনি স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশের বিরুদ্ধে আর পাঁচটা দলের মতো মনোভাব নিয়েই জেতার লক্ষ্যে মাঠে নামবেন তাঁরা। এই এশিয়া কাপের প্রতিপক্ষরাই টি২০ বিশ্বকাপেও খেলবে। ফলে প্রস্তুতির সেরা মঞ্চ এই এশিয়া কাপই।












Click it and Unblock the Notifications