India vs Bangladesh: টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত বাংলাদেশের, দুই দলের প্রথম একাদশে কারা?
চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলতে নামল ভারত। নতুন কোচ গৌতম গম্ভীরের কোচিংয়ে প্রথম টেস্ট খেলতে নামল ভারতীয় দল। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল বাংলাদেশ। শেষ পাকিস্তান ম্যাচের দলই অপরিবর্তিত রাখল বাংলাদেশ। দুই দলই তিন পেসার, দুই স্পিনারকে নিয়ে খেলতে নামল।
২১ মাস পর টেস্ট দলে প্রত্যাবর্তন হল পন্থের। গৌতম আগেই জানিয়েছিলেন পন্থই দলের প্রথম পছন্দ। সেই মতোই তিনি ছয় নম্বরে খেলবেন। নতুন কোচ গৌতম গম্ভীরের কাছে প্রথম টেস্ট সিরিজ। চেন্নাইয়ে গরম রয়েছে। চড়া রোদ থাকছে। ফলে পিচ ভাঙারও একটা আশঙ্কা থাকছে। সেক্ষেত্রে স্পিনাররা কার্যকরী হবেন। চিপকের লাল মাটির পিচে বাউন্স ও গতি থাকবে। বল ঘুরবে, তবে তা ম্যাচের পরের দিকে। পিচে যখন ফাটল ধরবে।

রোহিত শর্মা টসের সময় বলেন, তিনিও প্রথমে ফিল্ডিং করতেই চাইছিলেন। কন্ডিশন হবে চ্যালেঞ্জিং। আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। আগামী ১০টি টেস্টের দিকে তাকালে এই ম্যাচ গুরুত্বপূর্ণ হবে। এখান থেকেই ফোকাস বজায় রাখার চেষ্টা করছি। এক সপ্তাহ আগে এখানে এসেছি, ভালো প্রস্তুতি চলছে। আমাদের যা করার কথা আমরা সবই করেছি। আমরা তিনজন পেসার দুই স্পিনার নিয়ে খেলছি।
বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, আমরা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছি। উইকেটে আর্দ্রতা আছে এবং আমরা তা কাজে লাগাতে চাই। পিচ শক্ত দেখাচ্ছে এবং আর্দ্রতা আছে। প্রথম সেশনটা খুব ভালো হবে সিমারদের জন্য। আমরা যেভাবে (পাকিস্তানের বিপক্ষে) সিরিজ খেলেছি, তাতে আমরা আত্মবিশ্বাসী। এটি একটি নতুন সিরিজ, আমাদের প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এটি অভিজ্ঞতা এবং তারুণ্যের একটি ভাল মিশ্রণ। আমরা তিনজন সিমার ও দুই স্পিন অলরাউন্ডার নিয়ে যাই।
বর্তমানে ৬৮.৫২ শতাংশ রেটিং নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে একনম্বরে রয়েছে ভারত। শীর্ষস্থান দখলে রাখতে বাংলাদেশ সিরিজ জিততে বদ্ধপরিকর রোহিতরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষস্থানে আছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিতে এই স্থান আরও শক্ত পোক্ত করাই লক্ষ্য ভারতের।
গত ৬ মাসে কোনও টেস্ট খেলেনি ভারত। আগামী সাড়ে তিন মাসে ১০টি টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। যার প্রথম দুই টেস্ট বাংলাদেশের বিরুদ্ধে। এরপর নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে।
বাংলাদেশ এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে একটি টেস্টেও জিততে পারেনি। ভারত বাংলাদেশের মধ্যে মোট ১৩টি ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ভারত ১১ ম্যাচেই জয় পেয়েছে। দুটি ম্যাচ ড্র হয়েছে। বাংলাদেশ কোনও ম্যাচে জিততে পারেনি। পরিসংখ্যান বলছে দীর্ঘদিন পর কোনও দল চিপকে টসে জিতে বোলিং নিল।
ভারতের একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ।
বাংলাদেশের একাদশ- শাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), শাকিব আল হাসান, মেহিদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ।












Click it and Unblock the Notifications