বাংলার অভিমন্যু-আকাশ দীপ ভারতীয় টেস্ট দলে, বড় সুযোগের অপেক্ষা ইংল্যান্ড সিরিজে
ভারতের টেস্ট দল ঘোষণার এদিন নানা চমক ছিল। বাংলার পেসার মহম্মদ শামির জায়গা না হলেও ভারতের টেস্ট দলে সুযোগ পেলেন বাংলার অন্য দুই ক্রিকেটার। তাঁরা হলেন- আকাশ দীপ ও অভিমন্যু ঈশ্বরণ। টেস্ট সিরিজের আগে অভিমন্যু ইংল্যান্ডে ভারতের এ দলকে নেতৃত্ব দেবেন। আগেও তিনি টেস্ট দলে সুযোগ পেয়েছেন, কিন্তু অভিষেক হয়নি। বিরাট, রোহিতদের অনুপস্থিতিতে ভারতের নতুন লুকের ব্যাটিং অর্ডারে দেখা যেতেই পারে অভিমন্যুকে। ১০১টি প্রথম শ্রেণির ম্যাচে ৭৬৭৪ রান রয়েছে অভিমন্যুর, ২৭টি শতরান ও ২৯টি অর্ধশতরান-সহ। অন্যদিকে, বাংলার পেসার আকাশ দীপ ইতিমধ্যেই ৭টি টেস্ট খেলে ফেলেছেন, ১৫টি উইকেটও রয়েছে।
মহম্মদ শামিকে ইংল্যান্ড সফরের টেস্ট দলে রাখা হয়নি। নির্বাচক প্রধান অজিত আগরকরের দাবি, বিসিসিআইয়ের মেডিক্যাল টিম জানিয়েছে শামি পাঁচ টেস্টের আসন্ন সিরিজে খেলতে পারবেন না। আগরকরের কথায়, আমরা এই সিরিজে শামিকে রাখতে চেয়েছিলাম। তবে সপ্তাহখানেক আগে কিছু সমস্যা দেখা দেয়। শামির এমআরআই হয়েছে। টেস্টের ওয়ার্কলোড নেওয়ার মতো জায়গায় তিনি নেই। সিরিজের কয়েকটি ম্যাচে পাওয়ার আশা করছিলাম। কিন্তু ফিটনেসের যা পরিস্থিতি, তাতে অপেক্ষা করাটাও কঠিন।

রোহিত শর্মার অবসরের পর ভারতের টেস্ট দলের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু শেষ অবধি বছর পঁচিশের শুভমান গিলকে টেস্ট দলে অধিনায়ক করা হলো। বুমরাহ ইংল্যান্ডে পাঁচ টেস্টের সব কটিতেই খেলবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সম্ভাবনা কম। নির্বাচক প্রধান অজিত আগরকরের দাবি, বুমরাহর সঙ্গে কথা হয়েছে। বুমরাহ নিজে তাঁর শরীর সম্পর্কে ওয়াকিবহাল। তিনি বোলিং করার মতো নিজেকে ফিট রাখতে চান। আগরকর বলেন, বুমরাহর বোলিং আমাদের দরকার। আমরা চাই তিনি ফিট থাকুন। দলের ১৫-১৬ জনকে অধিনায়ক হিসেবে সামলানো সহজ নয়। বোলিংয়ের পাশাপাশি নেতৃত্ব দেওয়ার ধকল থাকে। ফলে বুমরাহর উপর অধিনায়কত্বের বোঝা আমরা চাপাতে চাইনি।
ফের ভারতের টেস্ট দলে জায়গা হলো না সরফরাজ খানের। সুযোগ পেলেন করুণ নায়ার। নির্বাচক প্রধান অজিত আগরকরের দাবি, দলের স্বার্থে এই সিদ্ধান্ত। তিনি বলেন, সরফরাজ নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলেন। প্রথমটিতে শতরান পেলেও পরে রান পাননি। খেলার সুযোগ পাননি অস্ট্রেলিয়াতেও। তবে টিম ম্যানেজমেন্টকেও কিছু সিদ্ধান্ত নিতে হয়।
আগরকর আরও বলেন, কয়েক মরশুম ধরে করুণ নায়ার প্রচুর রান করছেন। কিছু টেস্ট খেলেছেন। কাউন্টিতে খেলার অভিজ্ঞতা আছে। বিরাট কোহলি না থাকায় ব্যাটিংয়ে অভিজ্ঞতা দরকার। যশস্বী জয়সওয়াল এই প্রথম ইংল্যান্ডে যাচ্ছেন। শুভমান গিল ইংল্যান্ডে একটিই টেস্ট খেলেছেন। লোকেশ রাহুল ও ঋষভ পন্থের শুধু পুরো সিরিজ ওই দেশে খেলার অভিজ্ঞতা আছে। নায়ারের ব্যাটিং ভালো। অভিজ্ঞতা কাজে লাগতে পারে সেই আশাতেই এই বিকল্প বেছে নিতে হয়েছে।
ভারতের ১৮ সদস্যের টেস্ট দলে বাংলা ছাড়াও পাঞ্জাব, মুম্বই, কর্ণাটক, উত্তরপ্রদেশ ও তামিলনাড়ু থেকে ২ জন করে ক্রিকেটার রয়েছেন। দিল্লি, গুজরাত, হায়দরাবাদ, অন্ধ্র, সৌরাষ্ট্র, বিদর্ভ থেকে ১ জন করে। ২০১৭ সালে ভারতের হয়ে শেষবার টেস্ট খেলেছেন করুণ নায়ার। আগে তিনি কর্ণাটকের প্রতিনিধিত্ব করলেও এখন খেলেন বিদর্ভে। বিস্তারিত দেখে নেওয়া যাক ভারতের টেস্ট দলে কোন রাজ্যের ক্রিকেট সংস্থা থেকে কতজন রয়েছেন।
ভারতের টেস্ট দল: শুভমান গিল (পাঞ্জাব), ঋষভ পন্থ (দিল্লি), যশস্বী জয়সওয়াল (মুম্বই), লোকেশ রাহুল (কর্ণাটক), বি সাই সুদর্শন (তামিলনাড়ু), অভিমন্যু ঈশ্বরণ (বাংলা), করুণ নায়ার (বিদর্ভ), নীতীশ কুমার রেড্ডি (অন্ধ্র), রবীন্দ্র জাদেজা (সৌরাষ্ট্র), ধ্রুব জুরেল (উত্তরপ্রদেশ), ওয়াশিংটন সুন্দর (তামিলনাড়ু), শার্দুল ঠাকুর (মুম্বই), জসপ্রীত বুমরাহ (গুজরাত), মহম্মদ সিরাজ (হায়দরাবাদ), প্রসিদ্ধ কৃষ্ণ (কর্ণাটক), আকাশ দীপ (বাংলা), অর্শদীপ সিং (পাঞ্জাব), কুলদীপ যাদব (উত্তরপ্রদেশ)।












Click it and Unblock the Notifications