ভারতের পেস আক্রমণে সর্বাধিক কার্যকরী ইশান্তই, কারণ জানালেন বালাজি
জসপ্রীত বুমরাহ বা মহম্মদ শামি নন। ইংল্যান্ড সফরে, বিশেষ করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইশান্ত শর্মাকেই ভারতীয় পেস আক্রমণের নেতৃত্বে দেখতে চান। এ কথা জানিয়েছেন প্রাক্তন ভারতীয় পেসার তথা চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি।

বালাজির মতে, কাউন্টিতে খেলার পাশাপাশি তিন-তিনবার ইংল্যান্ডে টেস্ট খেলতে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে ইশান্তের। সে কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে ইশান্ত, বুমরাহ ও শামিকেই দেখতে চাই। তবে প্রথম একাদশে সুযোগ পাওয়ার যে প্রতিযোগিতা দলের মধ্যে রয়েছে তা খুবই ভালো লক্ষণ। সাসেক্সের হয়ে ২০১৮ সালে ইশান্ত কাউন্টিতে খেলেছেন। টেস্ট খেলতে গিয়ে ভালো কিছু স্পেলও আমরা ইশান্তের থেকে দেখেছি ইংল্যান্ডের বিরুদ্ধে। সেখানকার পরিবেশ ও পিচ সম্পর্কে সবচেয়ে বেশি ওয়াকিবহাল থাকায় আমার মতে পেস অ্যাটাকের নেতা ইশান্ত ছাড়া আর কেউ নন।

বালাজি আরও বলেন, বুমরাহ, শামি ও ইশান্ত তিনজনই আলাদা রকমের বোলার। ইশান্ত যদি একদিকে রান আটকে রাখতে পারেন ডিফেন্সিভ বোলিং করে, তাহলে বাকি দুজনের উইকেট পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। একইসঙ্গে বাঁহাতিদেরও সমস্যায় ফেলার দক্ষতা রয়েছে ইশান্তের। ব্রেক থ্রু দিতে ইশান্তই যে বিরাটের বড় বাজি হতে চলেছেন তেমনটাই মত বালাজির।

জসপ্রীত বুমরাহর প্রশংসা করে বালাজি বলেন, বুমরাহ একজন ম্যাচ উইনার। তাঁর বিকল্প পাওয়া সহজ নয়। তবে বিপক্ষে বেশি বাঁহাতি থাকলে মহম্মদ সিরাজও খুব কার্যকরী হতে পারেন। তাঁর ডেলিভারির ধরন ব্যাটসম্যানদের সমস্যায় ফেলার পক্ষে যথেষ্ট। লেগ বিফোর ও কট বিহাইন্ডের বেশি সম্ভাবনা থাকে। ফলে তিনিও প্রয়োজনে বুমরাহ-র বিকল্প হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। তবে সিরাজ যে পুরো বুমরাহ-র মতোই বোলিং করেন সেটা কিন্তু নয়।

বালাজি বলেন, বুমরাহ না থাকলে আক্রমণই সেরা অস্ত্র। ডিফেন্সিং বোলিংয়ের দরকার নেই। অস্ট্রেলিয়ায় এই ফর্মুলাতেই সফল হয়েছে ভারত। সেখানেও বুমরাহ ও শামির অনুপস্থিতিতে ভারতের তরুণ পেসাররা বিপক্ষের ২০ উইকেট তুলে নিয়ে ম্যাচ জিতিয়েছেন। সঠিক সময়ে সঠিক কৌশল ও দক্ষতা দেখিয়ে অস্ট্রেলিয়ায় ভারত যেভাবে সিরিজ জিতেছিল তা ক্ল্যাসিক। তেমন কিছুই ইংল্যান্ড সফরেও দেখতে চান বালাজি।












Click it and Unblock the Notifications