বিরাট কোহলির রেকর্ড স্পর্শ করলেন বাবর আজম, তবু টি ২০ বিশ্বকাপের আগে কেন অস্বস্তিতে পাক অধিনায়ক?
বিরাট কোহলির আরও একটি নজির স্পর্শ করলেন বাবর আজম। টি ২০ আন্তর্জাতিকে যুগ্ম দ্রুততম হিসেবে স্পর্শ করে ফেললেন তিন হাজার রানের মাইলস্টোন। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে বেশ অস্বস্তিতে পাকিস্তান। ভোগাচ্ছে মিডল অর্ডার। গতকাল লাহোরে পাকিস্তানকে ৩৩ বল বাকি থাকতে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড।

টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক মঈন আলি। পাকিস্তান ২০ ওভারে ৬ উইকেটে ১৬৯ রান তোলে। সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে বাবর আজম ৫৯ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন। তারই ফাঁকে তিনি পেরিয়ে গেলেন টি ২০ আন্তর্জাতিকে তিন হাজার রানের গণ্ডি। বিশ্বের পঞ্চম ব্যাটার হিসেবে। বিরাট কোহলির মতো এই কীর্তি গড়তে তাঁরও লাগল ৮১টি ইনিংস। গতকালের ম্যাচের ইনিংসটি বাবরকে টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় চার নম্বরে তুলে নিয়ে গেল, পেরিয়ে গেলেন আয়ারল্যান্ডের পল স্টার্লিংকে (১১৪ ম্যাচে ৩০১১ রান)। বাবরের রান ৮৬ ম্যাচে ৩০৩৫। ২টি শতরান ও ২৭টি অর্ধশতরান রয়েছে। বাবর রয়েছেন রোহিত শর্মা (১৪০ ম্যাচে ৩৬৯৪), বিরাট কোহলি (১০৮ ম্যাচে ৩৬৬৩) এবং মার্টিন গাপটিল (১২১ ম্যাচে ৩৪৯৭)-এর পরেই।
বাবর রান পেলেও গতকালের ম্যাচে মহম্মদ রিজওয়ানের পরিবর্ত হিসেবে সুযোগ পাওয়া মহম্মদ হ্যারিস ওরেন করতে নেমে ৭ রানের বেশি করতে পারেননি। শান মাসুদ ০, হায়দার আলি ১৮ রান করেন। ইফতিকার আহমেদ ২১ বলে ৩১ রান করেনষ আসিফ আলি ৯ ও মহম্মদ নওয়াজ ১২ রান করেন। পাকিস্তানের মিডল অর্ডার এশিয়া কাপ থেকেই ছন্দে নেই। টি ২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নামার আগে যা বাবরদের কাছে বড় চিন্তার। বাবর আজম ও মহম্মদ রিজওয়ানই যা রান পাচ্ছেন। শান মাসুদ, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, হায়দার আলিরা রানের মধ্যে নেই। বাবর আজম গতকালের ম্যাচ হারার পর বলেছেন, মিডল অর্ডারকে এবার থেকে ভরসা দিতে হবে। দায়িত্ব নিয়ে খেলতে হবে। ওপেনার হিসেবে আমরা খেয়াল রাখব যাতে মিডল অর্ডারের উপর চাপ না পড়ে।
ইংল্যান্ড ১৭০ রানের টার্গেটে পৌঁছে যায় ১৪.৩ ওভারেই। ওপেন করতে নেমে ১৩টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪১ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন উইকেটকিপার-ব্যাটার ফিল সল্ট। অ্যালেক্স হেলস ১২ বলে ২৭, ডেভিড মালান ১৮ বলে ২৬ রান করেন। ১৬ বলে ২৬ রানে অপরাজিত থাকেন বেন ডাকেট। পাকিস্তানের হয়ে দুটি উইকেটই নেন শাদাব খান। ইংল্যান্ডের বোলারদের মধ্যে দুটি করে উইকেট দখল করেন ডেভিড উইলি ও স্যাম কারান। সিরিজ আপাতত ৩-৩। সিরিজের শেষ ম্যাচ আগামীকাল লাহোরেই।












Click it and Unblock the Notifications