তালিবান শাসনে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদে ফজলির প্রত্যাবর্তন
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান পদে ফের বসানো হল আজিজুল্লাহ ফজলিকে। তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর ক্রিকেট বোর্ডে এটিই সবচেয়ে বড় পরিবর্তন।
|
বোর্ডের নতুন চেয়ারম্যান
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এদিন এ খবর জানিয়ে বলা হয়েছে, এখন থেকে ফজলির নেতৃত্বেই বোর্ড চলবে। আগামী টুর্নামেন্টগুলির বিষয় তিনিই দেখভাল করবেন। ফজলি এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের জুলাই অবধি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্ব সামলেছেন। আতিফ মশালের পদত্যাগের পর তিনি এসিবি-র চেয়ারম্যান হয়েছিলেন। ২০১৯-এ ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে আফগানিস্তানের ব্যর্থতার পর ফজিলের স্থলাভিষিক্ত হয়েছিলেন ফারহান ইউসুফজাই।

তালিবানদের সবুজ সঙ্কেত
১৫ অগাস্ট তালিবানরা কাবুলে পৌঁছে রাষ্ট্রপতি ভবনে ঢুকে পড়ে। এরপরই ঘোষণা করা হয়েছিল আফগানিস্তানের নতুন নাম হবে আফগানিস্তান ইসলামি আমিরাত। ১৯ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপনের ফাঁকেই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সদর দফতরে পৌঁছে যায় তালিবানরা। সঙ্গে ছিলেন আফগানিস্তানের প্রাক্তন ক্রিকেটার আবদুল্লাহ মাজারি। এরপর আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক আসগর আফগানের বাড়িতে গিয়েও তালিবানরা বেশ কিছুক্ষণ কাটায়, রাজকীয় আপ্যায়নও মেলে। জানা গিয়েছে, আজ তালিবানদের সঙ্গে কথা হয়েছে আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের আধিকারিকদের।

অভিজ্ঞ ফজলি
আফগানিস্তানে তালিবান শাসন শুরু হলেও এসিবি-র তরফে বারবার জানানো হয়েছে, আগের মতোই তালিবানরা বোর্ডের ক্রিকেট পরিচালনায় কোনও হস্তক্ষেপ করবে না। আফগানিস্তানের ক্রিকেট খেলতে কোনও অসুবিধা হবে না। যদিও মহিলা ক্রিকেট নিয়ে কী হবে তা এখনও কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। আফগানিস্তানের ক্রিকেটের সঙ্গে দুই দশকেরও বেশি সময় ধরে যুক্ত রয়েছেন ফজলি। আফগানিস্তানে ক্রিকেটের প্রসারেও তাঁর অগ্রণী ভূমিকা ছিল। উল্লেখ্য, প্রথম দিকে তালিবানরা আফগানিস্তানে অন্য খেলার সঙ্গে ক্রিকেট খেলাকেও সবুজ সঙ্কেত দেয়নি। যদিও ২০০০ সাল থেকে তারা ক্রিকেটকে ছাড় দেয় এবং বিশ্বে যাতে আফগানিস্তানের ক্রিকেটের প্রসার ঘটে সে ব্যাপারে উদ্যোগী হয়েছিল তালিবান শাসকরা।

শ্রীলঙ্কায় পাকিস্তান সিরিজ হবে?
ফজলি এর আগে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও সামলেছেন। ঘরোয়া ক্রিকেট ঠিকভাবে যাতে চলে সে ব্যাপারেও তিনি সক্রিয়। ফজলির প্রথম চ্যালেঞ্জই হবে শ্রীলঙ্কায় পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ আয়োজন। কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোনও বাণিজ্যিক বিমান চলাচল করছে না। শ্রীলঙ্কায় আবার ৩০ অগাস্ট অবধি করোনা পরিস্থিতিজনিত লকডাউন চলছে। সেপ্টেম্বরের ৩ তারিখ থেকে তিন ম্যাচের একদিনের সিরিজ হওয়ার কথা কলম্বোয়। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের আয়োজক আফগানিস্তান। শ্রীলঙ্কা সরকারের সবুজ সঙ্কেত মিললে তেমন হলে সড়কপথে পাকিস্তানে গিয়ে সেখান থেকে শ্রীলঙ্কা রওনা হওয়ার পরিকল্পনাও রয়েছে আফগানিস্তানের।
(ছবি- এসিবি মিডিয়া টুইটার)












Click it and Unblock the Notifications