টি২০ আন্তর্জাতিকে চার ওভারই মেডেন! হংকংয়ের আয়ুষের আগে এই কীর্তি রয়েছে কাদের?
Most Maiden Overs In T20I Match: টি২০ ফরম্যাট ব্যাটারদের জন্য বলেই মনে করা হয়। তবে তারই মধ্যে নানা ঈর্ষণীয় রেকর্ড গড়েন বোলাররা।
টি২০ আন্তর্জাতিকে এই নিয়ে তৃতীয়বার কোনও বোলার চারটিই মেডেন ওভার করলেন। টি২০ ক্রিকেটে এমন ঘটনা এই নিয়ে চতুর্থবার।

কুয়ালালামপুরে গতকাল চলছিল পুরুষদের টি২০ বিশ্বকাপে এশিয়া কোয়ালিফায়ার এ-র ম্যাচ। হংকং মুখোমুখি হয়েছিল মঙ্গোলিয়ার। সেই ম্য়াচে ২১ বছরের ডানহাতি পেসার আয়ুষ শুক্লার ৪ ওভারের চারটিই মেডেন। পেলেন ১টি উইকেট।
২০২২ সালে এশিয়া কাপের ম্যাচে আয়ুষ আউট করেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। গতকালের ম্যাচে তিনি বোলিং ওপেন করেন। ১ উইকেট পাওয়ায় টি২০ আন্তর্জাতিক কেরিয়ারে তাঁর মোট উইকেট-সংখ্যা হলো ৩০। আয়ুষ প্রথম ওভারেই তুলে নেন উইকেটকিপার নামসরাই বাত-ইয়ালাললতের উইকেট।
এরপর আরও তিনটি মেডেন ওভার করেন তিনি। এহসান খান ৩ ওভারে ৫ রান দিয়ে চারটি, আনাস খান ২ ওভারে ৪ ও ইয়াসিম মুর্তাজা ১.২ ওভারে ১ রান দিয়ে ২টি করে উইকেট দখল করেন। ১৪.২ ওভারে মঙ্গোলিয়া ১৭ রানে গুটিয়ে যায়। ১.৪ ওভারে ১ উইকেট খুইয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হংকং।
২০২১ সালে কুলিজে কানাডার সাদ বিন জাফর পানার বিরুদ্ধে চার ওভারে সব কটি মেডেন ওভার করে দুই উইকেট পেয়েছিসেন। টি২০ আন্তর্জাতিকে সেই প্রথম কোনও বোলার কোনও ম্যাচে সবগুলিই মেডেন ওভার করেছিলেন।
গত জুনে টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের লকি ফার্গুসন পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে চারটি মেডেন ওভার করার পাশাপাশি তিনটি উইকেট তুলে নেন। টি২০ আন্তর্জাতিকে সব মেডেন ওভার করার পাশাপাশি কোনও ম্যাচে সর্বাধিক উইকেটের রেকর্ডটি তাই ফার্গুসনের দখলেই। ২০২১ সালে মঙ্গলগিরিতে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে বিদর্ভের অক্ষয় কার্নেওয়াল মনিপুরের বিরুদ্ধে চার ওভার হাত ঘোরান, চারটিই মেডেন, তুলে নেন ২ উইকেট।












Click it and Unblock the Notifications