অক্ষরের সেরা টেস্ট ইনিংস, নাগপুরে অস্ট্রেলিয়ার চেয়ে ২২৩ রানে এগিয়ে থামল ভারত
নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ২২৩ রানে এগিয়ে রইল ভারত। আজ টেস্টের তৃতীয় দিনে ভারতের প্রথম ইনিংস থামল ৪০০ রানে। অক্ষর প্যাটেল করলেন ৮৪ রান।
নাগপুর টেস্ট চতুর্থ দিনেই শেষ হওয়ার প্রবল সম্ভাবনা। অস্ট্রেলিয়ার ১৭৭ রানের জবাবে আজ টেস্টের তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতির আগে ৪০০ রানে শেষ হলো ভারতের প্রথম ইনিংস। রোহিত শর্মার দল পেল ২২৩ রানের লিড। অক্ষর প্যাটেল টেস্ট কেরিয়ারের সেরা ইনিংস খেলে করলেন ৮৪ রান।

জাদেজা ৭০
দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ১১৪ ওভারে ৭ উইকেটে ৩২১ রান। রবীন্দ্র জাদেজা ৬৬ ও অক্ষর প্যাটেল ৫২ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনের পঞ্চম ওভারে সাজঘরে ফেরেন জাদেজা। ১১৮.২ ওভারে টড মার্ফি বোল্ড করে নিজের ষষ্ঠ উইকেটটি তুলে নেন। অষ্টম উইকেট জুটিতে জাদেজা ও অক্ষর যোগ করেন ৮৮ রান। ১৮৫ বলে ৭০ রান করে জাদেজা আউট হন, মেরেছেন ৯টি চার। ভারতের অষ্টম উইকেটটি পড়েছিল ৩২৮ রানে।

শামির মূল্যবান অবদান
এরপর নবম উইকেট জুটিতে মহম্মদ শামি ও অক্ষর প্যাটেল যোগ করেন ৫২ রান। ২টি চার ও ৩টি ছয়ের সাহায্যে শামি করেন ৪৭ বলে ৩৭ রান। তাঁর উইকেটটিও তুলে নেন টড মার্ফি, ক্যাচ ধরেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। ৩৮০ রানে ভারতের নবম উইকেটটি পড়ে।

অনবদ্য অক্ষর
নবম টেস্টে কেরিয়ারের দ্বিতীয় অর্ধশতরানটি অক্ষর প্যাটেল পেয়ে গিয়েছিলেন গতকালই। আজ উইকেটের অন্য প্রান্তে সঙ্গীদের যোগ্য সঙ্গত পেলে ধীরেসুস্থে প্রথম শতরানটিও পেতে পারতেন। কিন্তু শেষ অবধি তিনি থামলেন ১৬ রান দূরে। ২০২১ সালে অক্ষর প্যাটেল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে করেছিলেন ১২৮ বলে ৫২ রান। এদিন সিরাজকে নিয়ে তিনি দলকে পৌঁছে দেন ৪০০ রানে। প্যাট কামিন্সের বলে বোল্ড হলেন, অক্ষরের ব্যাট থেকে এলো ১৭৪ বলে ৮৪ রানের ইনিংস। ১০টি চার ও একটি ছয় মেরেছেন। ১৯ বলে ১ রান করে অপরাজিত থাকেন মহম্মদ সিরাজ।

মার্ফির ৭ উইকেট
অভিষেক টেস্টে অস্ট্রেলির স্পিনার টড মার্ফি তুলে নিলেন সাতটি উইকেট। ১২টি মেডেন-সহ ৪৭ ওভার হাত ঘুরিয়ে ১২৪ রানের বিনিময়ে তিনি ৭ উইকেট দখল করেন। ৭৮ রান খরচ করে ২টি উইকেট পেয়েছেন প্যাট কামিন্স। একটি উইকেট গিয়েছে নাথান লিয়ঁর ঝুলিতে। লিয়ঁর ৪৯ ওভারে ১৩টি মেডেন, তিনি ১২৬ রান খরচ করেছেন। প্রথম ইনিংসে ভারতীয় স্পিনাররা যে দাপট ও নিয়ন্ত্রণ দেখিয়েছেন সেটা দ্বিতীয় ইনিংসে অব্যাহত থাকলে খুব বেশি হলে চতুর্থ দিন অবধি খেলা গড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications