সাত ইনিংসে ৫ বার ৫ উইকেট অক্ষরের! কানপুর টেস্টে দুরন্ত অশ্বিনও, ভারত চেপে ধরল নিউজিল্যান্ডকে
কানপুর টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ২৯৬ রানে শেষ, ভারত লিড পেল ৪৯ রানের। পাঁচ উইকেট দখল করলেন অক্ষর প্যাটেল। রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে তিন উইকেট। এদিন নিউজিল্যান্ডের প্রথম উইকেটটি পড়েছিল ১৫১ রানের মাথায়। মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে কেন উইলিয়ামসন আউট হওয়ায় কিউয়িদের স্কোর ছিল ২ উইকেটে ১৯৭ রান। দ্বিতীয় সেশন থেকেই দাপট দেখাতে থাকেন ভারতীয় স্পিনাররা। মধ্যাহ্নভোজের বিরতি ও চা বিরতির মধ্যে ৫২ রানের মধ্যে আরও চার উইকেট হারায় নিউজিল্যান্ড। বাকি চারটি উইকেট পড়ল তৃতীয় সেশনে।

২০১৬ সালে কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত কামব্যাক করে টেস্ট জিতেছিল। সেই ম্যাচে বিধ্বংসী হয়ে উঠেছিলেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। এদিন জাদেজার ভূমিকায় অবতীর্ণ হলেন অক্ষর প্যাটেল। যোগ্য সঙ্গত দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ২০১৬ সালে কানপুরে ভারত-নিউজিল্যান্ড টেস্টে ভারতের ৩১৮ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৪৭ ওভারে ১ উইকেটে ১৫২। সেখান থেকে তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির কিছু পরেই নিউজিল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ২৬২ রানে, ৯৫.৫ ওভারে। রবীন্দ্র জাদেজা ৫টি ও রবিচন্দ্রন অশ্বিন ৪ উইকেট নিয়েছিলেন প্রথম ইনিংসে। এরপর ভারত ৫ উইকেটে ৩৭৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে। রবিচন্দ্রন অশ্বিন ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ করে দেন ২৩৬ রানে। ভারত জিতেছিল ১৯৭ রানে।

আজ লাঞ্চের পর আউট হন রস টেলর (১১), হেনরি নিকোলস (২), টম লাথাম (৯৫) ও রাচিন রবীন্দ্র (১৩)। লাথাম, টেলর ও নিকোলস আউট হন অক্ষর প্যাটেলের বলে। রাচিন রবীন্দ্র রবীন্দ্র জাদেজার শিকার। ২১৪ রানে তৃতীয় উইকেট পড়ার পর কিউয়িদের ষষ্ঠ উইকেট পড়ে ২৪১ রানে। চা বিরতির পর ২৫৮ রানের মাথায় টম ব্লান্ডেল (১৩)-কে বোল্ড করেন অক্ষর। টিম সাউদি (৫)-কে বোল্ড করে পঞ্চম উইকেটটি দখল করেন অক্ষর প্যাটেল। উইলিয়াম সমারভিল (৬) ও কাইল জেমিসন (২৩)-এর উইকেট তুলে নেন অশ্বিন। ১৪২.৩ ওভারের মধ্যে অশ্বিন ৪২.৩ ওভার বল করেছেন, মেডেন ১০টি, ৮২ রানের বিনিময়ে তিনি তিনটি উইকেট পান। উমেশ যাদব ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট পেয়েছেন।

ভারতীয় বোলারদের মধ্যে সফলতম অক্ষর প্যাটেল ৩৪ ওভারে ৬টি মেডেন ওভার-সহ ৬২ রানের বিনিময়ে নিলেন ৫ উইকেট। কেরিয়ারের চতুর্থ টেস্টে সাত ইনিংসে এই নিয়ে পঞ্চমবার ইনিংসে পাঁচ উইকেট পেলেন তিনি। গত ফেব্রুয়ারিতে চেন্নাই টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে তিনি নেন ৬০ রানে ৫ উইকেট। এরপর আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে ৩৮ রানে ৬টি এবং দ্বিতীয় ইনিংসে ৩২ রানে ৫ উইকেট দখল করেছিলেন। চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন ৪৮ রানে। এদিন ফের পাঁচ উইকেট দখল করায় তাঁর উইকেটের সংখ্যা হল ৩৩।
9 - Kyle Jamieson has taken his 50th Test wicket in just his ninth game - the fastest to 50 wickets of any @BLACKCAPS player in Test history, eclipsing Shane Bond's record of 12 Tests. Pace. pic.twitter.com/KX3sOonrZb
— OptaJason (@OptaJason) November 27, 2021
এরপর ব্যাট করতে নেমে টেস্টে কাইল জেমিসনের ৫০তম শিকার হন শুভমান গিল। ৩ বলে ১ রান করে তিনি বোল্ড হন। কেরিয়ারের নবম টেস্টে ৫০টি টেস্ট উইকেট পেলেন কিউয়ি পেসার। এই নজির গড়লেন শেন বন্ডের চেয়ে তিনটি টেস্ট কম খেলেই। তৃতীয় দিনের শেষে ভারতের দ্বিতীয় ইনিংসে স্কোর ৫ ওভারে ১ উইকেটে ১৪। দুটি চারের সাহায্যে ১৪ বলে ৯ রানে অপরাজিত রয়েছেন চেতেশ্বর পূজারা। ওপেনার ময়াঙ্ক আগরওয়াল ক্রিজে রয়েছেন ১৩ বলে ৪ রান করে। ভারতের লিড ৬৩ রানের।












Click it and Unblock the Notifications