ইন্দোর টেস্টে ভারতের উপর চাপ বাড়াল অস্ট্রেলিয়া, দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ তারকারা, ভরসা পূজারা
ইন্দোর টেস্টে ভারতের উপর চাপ বাড়াল অস্ট্রেলিয়া। নাথান লিয়ঁ ইতিমধ্যেই তিনটি ও ম্যাথু কুহনেম্যান ১টি উইকেট নিয়েছেন। চা বিরতিতে ভারত পিছিয়ে ৯ রানে। হাতে ৬ উইকেট।
ইন্দোর টেস্টে ভারতের উপর চাপ বজায় রেখেছেন অস্ট্রেলিয়ার স্পিনাররা। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ইতিমধ্যেই ভারত চার উইকেট হারিয়েছে। ওপেনাররা ব্যর্থ। রান পেলেন না বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজাও। চা বিরতিতে ভারতের স্কোর ৩২ ওভারে ৪ উইকেটে ৭৯ রান। ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা (৭৬ বলে ৩৬ অপরাজিত) ও শ্রেয়স আইয়ার (৬ বলে ০ অপরাজিত)।

ভারতের ১০৯ রানের জবাবে এদিন হোলকার স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়েছিল ১৯৭ রানে। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ছিল ৪ ওভারে বিনা উইকেটে ১৩। লাঞ্চের পর প্রথম ওভারেই আউট হন শুভমান গিল। ১৫ বলে ৫ রান করে তিনি নাথান লিয়ঁর বলে বোল্ড হয়ে যান। ১৫ রানে ভারতের প্রথম উইকেট পড়ে, দ্বিতীয় উইকেটটি পড়ে ১৪.৪ ওভারে ৩২ রানে। অধিনায়ক রোহিত শর্মাকেও সাজঘরে ফেরান লিয়ঁ। ৩৩ বলে ১২ রান করেন ভারত অধিনায়ক।
২২.৪ ওভারে ৫৪ রানে ভারত তৃতীয় উইকেটটি হারায়। বিরাট কোহলি লেগ বিফোর হন ম্যাথু কুহনেম্যানের বলে। ২টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ১৩ রান করে আউট হন বিরাট। তিনি রিভিউ নেওয়ার পথে হাঁটেননি। ৩০.৫ ওভারে রবীন্দ্র জাদেজার উইকেটটি তুলে নেন নাথান লিয়ঁ। লিয়ঁর সোজা বল জাদেজার প্যাডে লাগলে আম্পায়ার জোয়েল উইলসন আউট দেননি। জোরালো আবেদন করেছিল অস্ট্রেলিয়া। সঙ্গে সঙ্গে স্টিভ স্মিথ আত্মবিশ্বাসীর সঙ্গে ডিআরএস নেওয়ার সিদ্ধান্ত নেন। তাতে দেখা যায় বল উইকেটে লাগছে। ফলে আম্পায়ারকে সিদ্ধান্ত বদলাতে হয়। ভারতের চতুর্থ উইকেটটি পড়়ে ৭৮ রানে। চা বিরতিতে ভারত ৯ রানে পিছিয়ে রয়েছে। হাতে ৬ উইকেট।
এর আগে, আজ প্রথম ঘণ্টায় কোনও উইকেট না হারালেও ৫.৩ ওভারে ১১ রানের মধ্যে ৬টি উইকেট হারায় অস্ট্রেলিয়া। পিটার হ্যান্ডসকম্ব ১৯, ক্যামেরন গ্রিন ২১, অ্যালেক্স ক্যারি ৩, মিচেল স্টার্ক ১, নাথান লিয়ঁ ৫, টড মার্ফি ০ রানে আউট হন। ০ রানে অপরাজিত থাকেন ম্যাথু কুহনেম্যান। আজ অস্ট্রেলিয়ার ছয়টি উইকেটের মধ্যে তিনটি করে তুলে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদব। উমেশ এদিন টেস্টে দেশের মাটিতে শততম উইকেটটি পেলেন। দেশের মাটিতে তাঁর উইকেটের সংখ্যা আপাতত ১০১। কপিল দেব ২১৯, জাভাগল শ্রীনাথ ১০৮, জাহির খান ১০৪ ও ইশান্ত শর্মা দেশের মাটিতে টেস্টে ১০৪টি উইকেট সংগ্রহ করেছেন।












Click it and Unblock the Notifications