আমেদাবাদে পিচ নিয়ে ধোঁয়াশা কাটায় আশার আলো দেখছেন স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়ার একাদশে কি রদবদল হবে?
আমেদাবাদ টেস্টের দুই দিন আগেও কোন পিচে খেলা হবে তা নিয়ে নিশ্চিত ছিলেন না স্টিভ স্মিথ। তবে আজ তাঁর ধারণা, পিচে প্রথম দিন ভালোই ব্যাট করা যাবে, হতে পারে বড় রান।
টেস্ট শুরুর দুই দিন আগেও কোন পিচে খেলা হবে তা নিয়ে নিশ্চিত হতে পারেননি স্টিভ স্মিথ। এমন পরিস্থিতির মুখোমুখি তিনি স্মরণাতীতকালেও হননি। মোতেরা স্টেডিয়ামে দুটি পিচ ঢাকা ছিল। একটি কালো মাটির, অপরটি লাল মাটির। কিউরেটরের কাছে পরে জানতে পারেন, কালো মাটির পিচে খেলার সম্ভাবনা ৬০ শতাংশ। এই ধোঁয়াশার মধ্যে আশার আলোও খুঁজে পান স্মিথ।

তুলনামূলক ভালো পিচ
প্যাট কামিন্স না থাকায় স্মিথ আমেদাবাদেও নেতৃত্ব দেবেন। পিচ নিয়ে আজ সকালে তিনি সাংবাদিকদের বলেন, চারটি পিচের মধ্যে এটিই প্রথম দিনে সবচেয়ে বেশি ফ্ল্যাট বা পাটা বলে মনে হচ্ছে। তবে এখানে রোদের যা তাপ, তাতে ম্যাচ যত এগোবে পিচ ততই শুষ্ক হয়ে স্পিন সহায়ক হবে। ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। ফলে ভালো গরম রয়েছে। স্বাভাবিকভাবে পিচের শুষ্কতা বাড়বে। একজন মাঠকর্মী তো বললেন আজও পিচে জল দেওয়া হতে পারে। তবে আপাতত যা মনে হচ্ছে, তাতে আগের টেস্টগুলির প্রথম দিনে যা হয়েছিল তেমন কিছু হবে না।

বড় রান সম্ভব
এই উইকেটে প্রথম ইনিংসে কত রান উঠবে সে বিষয়ে নিশ্চিত নন স্টিভ স্মিথ। তবে টস জেতা দল যে ব্যাটিংই নেবে সেটা বলার অপেক্ষা রাখে না। স্মিথের কথায়, যেটুকু দেখেছি তাতে এই পিচ কিছুটা আলাদা মনে হচ্ছে। প্রথম থেকে বা প্রথম দিন থেকে বল ঘুরবে না। কিন্তু খেলা যত এগোবে ততই বল ঘুরতে থাকবে। ফলে এই উইকেটে বড় রান ওঠার সম্ভাবনা ভালোই রয়েছে। পিচ নিয়ে বিতর্ক এড়াতে স্মিথ বলেন, আমাদের যে উইকেট দেওয়া হবে তাতেই খেলতে প্রস্তুত। এমন উইকেটেও খেলেছি যেখানে ২০০ রানই যথেষ্ট। উইকেট নিয়ে কোনও অজুহাত বা অভিযোগ না করে মাঠে গিয়ে পরিকল্পনা অনুযায়ী খেলাই আমাদের লক্ষ্য। তবে একইসঙ্গে স্মিথ ইতিমধ্যেই জানিয়েছেন, এই ধরনের চ্যালেঞ্জিং উইকেটে খেলা তিনি সব সময় পছন্দ করেন।

সিরিজ ড্র বড় কৃতিত্বের
স্টিভ স্মিথ মনে করছেন, ভারত থেকে টেস্ট সিরিজ ড্র রেখে ফিরতে পারলে সেটা কম কৃতিত্বের বিষয় হবে না। তিনি বলেন, এটা আমাদের দলের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট হবে। ভারতে এসে ২টি টেস্ট জেতা কম কথা নয়। দুর্ভাগ্যজনকভাবে প্রথম দুটি টেস্ট জিততে না পারায় সিরিজ জেতার সুযোগ হাতছাড়া হয়েছে। কিন্তু টেস্ট সিরিজ ড্র রাখতে পারাও বিশাল প্লাস ও পজিটিভই হবে।

অস্ট্রেলিয়ার একাদশ কেমন হবে?
নাগপুর ও দিল্লি টেস্টে হারার পর অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়িয়েছে ইন্দোর টেস্ট জিতে। ঘূর্ণি উইকেটে ভারতকে হারিয়ে বাড়িয়ে নিয়েছে আত্মবিশ্বাস। স্পিনাররা অস্বস্তিতে ফেলছেন ভারতীয় ব্যাটারদের। আমেদাবাদে অজিরা উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে। আবার মিচেল স্টার্কের বদলে কাউকে খেলিয়ে ব্যাটিং গভীরতা বাড়ানোর ভাবনাচিন্তাও ঘুরপাক খাচ্ছে।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ- ট্রাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ (অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, ক্যানেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, টড মার্ফি, নাথান লিয়ঁ, ম্যাথু কুহনেম্যান।












Click it and Unblock the Notifications