ফিফা বিশ্বকাপের আগে অস্বস্তিতে কাতার, মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সরব অস্ট্রেলিয়ার ফুটবলাররা
ফিফা বিশ্বকাপ শুরু হতে এক মাসেরও বাকি নেই। তবে আয়োজক কাতারকে সামলাতে হচ্ছে নানাবিধ চ্যালেঞ্জ। কাতারের অস্বস্তি বাড়াচ্ছে মানবাধিকার রক্ষা সংক্রান্ত পরিসংখ্যান। পরিযায়ী শ্রমিক ও সমকামীদের নিরাপত্তাহীনতার প্রশ্নে এর আগেও সরব হয়েছে বিশ্বকাপে অংশগ্রহণকারী কয়েকটি দেশ। কাতারে বিশ্বকাপের সময় হাজির থাকবেন না বলে জানিয়েছেন প্রিন্স উইলিয়াম। কাতারের অস্বস্তি বাড়িয়ে মানবাধিকার লঙ্ঘনের ইস্যুতে সরব হলো অস্ট্রেলিয়া।

সরব অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া ফুটবল দলের তরফে অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে মানবাধিকার রক্ষার বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। কাতারে সমকামিতা অবৈধ। এলজিবিটিকিউ (LGBTQ) সম্প্রদায়ের ব্যক্তি থেকে পরিযায়ী শ্রমিকদের নানাভাবে অত্যাচার ও হেনস্থার ঘটনাও বারেবারে সামনে আসে। বিশ্বকাপের আগে সেই প্রসঙ্গেই সরব হচ্ছেন বিভিন্ন দেশের ফুটবলাররা। অস্ট্রেলিয়ার গোলকিপার ম্যাট রায়ান বলেছেন, ফুটবলের সঙ্গে জড়িয়ে রয়েছে বিশ্বজনীন মূল্যবোধ। যখন আমরা দেশের প্রতিনিধিত্ব করি, তখন আমরা পারস্পরিক শ্রদ্ধা, সম্মান, বিশ্বাস ও সাহসকে গুরুত্ব দিয়ে মেনে চলি।
|
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ
আরেক অস্ট্রেলীয় ফুটবলার বলেছেন, আমরা জানতে পেরেছি কাতারে বিশ্বকাপ আয়োজনের ফলে অসংখ্য সাধারণ শ্রমিককে দুর্দশা ও ক্ষতির মুখে পড়তে হয়েছে। ফুটবল অস্ট্রেলিয়ার তরফে বিবৃতিতেও বলা হয়েছে, কাতার বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে, যদিও তার জন্য অনেক পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারকে অনেক দুঃখ-কষ্ট-দুর্দশার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। যদিও শাসকের তরফে পাল্টা বলা হচ্ছে, প্রথম আরব দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করছে বলেই কাতারকে বেনজিরভাবে সমালোচনা করা হচ্ছে।
|
অস্বস্তিতে কাতার
ফুটবল অস্ট্রেলিয়ার তরফে সমকামীদের নিরাপত্তা নিয়েও সংশয় প্রকাশ করে উপযুক্ত পদক্ষেপের অনুরোধ জানানো হয়েছে। যদিও কাতারের তরফে আগেই জানানো হয়েছে, বিশ্বকাপে এলজিবিটিকিউ-সহ সমস্ত ফ্যানেরাই স্বাগত। তবে তাঁদের কাতারের রক্ষণশীল সংস্কৃতি মেনে চলতে হবে। এই পরিস্থিতিতে ফুটবল অস্ট্রেলিয়া বিবৃতিতে জানিয়েছে, আমরা বিশ্বাস করি সকলেই যাতে নিরাপদ বোধ করেন তেমন ব্যবস্থা থাকা উচিতষ কাতারের এইচএইচ আমির থেকে ফিফা প্রেসিডেন্ট যেভাবে LGBTI+ ফ্যানেদের নিরাপত্তা প্রদানের আশ্বাস দিয়েছেন তা বিশ্বকাপ চলাকালীন মেনে চলা হবে, এটাই প্রত্যাশিত।
|
বিশ্বকাপের কাউন্টডাউন
২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। ২২তম ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। এই প্রথম আরব দেশে বসছে বিশ্বকাপ ফুটবলের আসর। গ্রুপ এ-তে রয়েছে কাতার, ইকুয়েডর, সেনেগাল ও নেদারল্যান্ডস। গ্রুপ বি-তে রয়েছে ইংল্যান্ড, ইরান, আমেরিকা ও ওয়েলস। গ্রুপ সি-তে আর্জেন্তিনা, সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। গ্রুপ ডি-তে ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিসিয়া। গ্রুপ ই-তে রয়েছে স্পেন, কোস্টা রিকা, জার্মানি ও জাপান। গ্রুপ এফ-এ বেলজিয়াম, কানাডা, মরক্কো ও ক্রোয়েশিয়া। গ্রুপ জি-তে ব্রাজিল, সার্বিয়া, সুইৎজারল্যান্ড ও ক্যামেরুন। এইচ গ্রুপ রয়েছে পর্তুগাল, ঘানা, উরুগুয়ে ও কোরিয়া রিপাবলিক।












Click it and Unblock the Notifications