স্যান্ডপেপার কাণ্ডে নয়া অধ্যায়, সততা প্রশ্নে বিবৃতি লিখে কামিন্স-স্টার্কদের হুংকার, পিছপা ক্যামেরন
সততা প্রশ্নে বিবৃতি লিখে কামিন্স-স্টার্কদের হুংকার
ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফটের নতুন বক্তব্যকে ঘিরে নতুন করে আলোড়িত হয়েছে ২০১৮ সালের কুখ্যাত বল বিকৃতি কাণ্ড। আচমকাই অভিযোগের কাঠগড়ায় তোলা হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ফাস্ট বোলারদের। নতুন দাবি অনুযায়ী, স্যান্ডপেপার দিয়ে বল ঘষলে তা টের পাওয়ার কথা প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের। তা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই হুংকার ছাড়লেন অজি ফাস্ট বোলিং বিভাগের ত্রয়ী। রীতিমতো বিবৃতি লিখে তাঁরা নিজেদের অবস্থান ব্যক্ত করলেন।

কামিন্স-স্টার্ক-হ্যাজেলউডের প্রতিবাদ
২০১৮ সালের কুখ্যাত স্যান্ডপেপার কাণ্ডে তাঁদের নাম জড়িয়ে দেওয়ার প্রচেষ্টা অনুভব করেই প্রতিবাদে মুখর হয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ফাস্ট বোলার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। সততা নিয়ে প্রশ্ন ওঠায় মঙ্গলবার রীতিমতো বিবৃতি জারি করে নিন্দুকদের মুখ বন্ধ করার চেষ্টা করেছেন অজি বোলিং বিভাগের ত্রয়ী।

তিন তারকার মিলিত বিবৃতি
তিনি তারকার মিলিত বিবৃতির শুরুতেই জানানো হয়েছে যে তাঁরা নিজেদের সততা নিয়ে গর্ব বোধ করেন। ২০১৮ সালের কেপটাউন টেস্টের দুর্নীতির প্রসঙ্গ উত্থাপন করে সংবাদমাধ্যম ও কিছু প্রাক্তন ক্রিকেটারের সুনির্দিষ্ট আক্রমণে তাঁরা হতাশ বলেও জানিয়েছেন তিন অস্ট্রলিয় ফাস্ট বোলার। বক্তব্য, এ ব্যাপারে তাঁরা আগেও একাধিকবার প্রশ্নের উত্তর দিয়েছেন। তখন যা জানিয়েছিলেন এখনও সেই দাবিতেই তাঁরা অনড় কামিন্স-স্টার্ক-হ্যাজেলউড। লাল বলে বিদেশি বস্তু দিয়ে ঘটানো কারসাজি সেদিন তাঁরা অনুধাবন করতে পারেননি বলে ফের দাবি করেছেন ত্রয়ী।

আম্পায়াররাই বুঝতে পারেননি
মিচেল স্টার্কের ওয়েবসাইটে প্রকাশিত হওয়া অস্ট্রেলিয়া ক্রিকেট দলের তিন পেসারের বক্তব্য, যে বা যারা মনে করেন যে ২০১৮-এর ওই টেস্টে তাঁদের বলের বিকৃতি বোঝা উচিত ছিল, তাঁদের ধারণায় পরিবর্তন আনা প্রয়োজন। কারণ অভিজ্ঞ আম্পায়ার হওয়া সত্ত্বেও নাইজেল লং ও রিচার্ড ইলিংওর্থের চোখেও প্রাথমিকভাবে সেদিন বলে বেনিয়ম চোখে পড়েনি বলে আরও একবার স্মরণ করিয়েছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। তাঁদের বক্তব্য, বিদেশি কাগজ দিয়ে ঘষার পর বল পরিবর্তন এতটাই সূক্ষ্ম ছিল যে তা খালি চোখে ধরা পড়া মুশকিল।

জল গড়াল কতদূর
পরিস্থিতি নিয়ে ওয়াকিবহাল ক্রিকেট অস্ট্রেলিয়া এ ব্যাপারে ক্যামেরন ব্যানক্রফটের সঙ্গে কথা বলেন। তবে নিজের বক্তব্যের স্বপক্ষে ডান হাতি ব্যাটসম্যান বোর্ডের ইন্টেগ্রিটি দলকে কোনও নতুন তথ্য দিতে পারেননি বলেই জানা গিয়েছে। স্যান্ডপেপার গেট নিয়ে তিনি খুব একটা গম্ভীরভাবে নিজের বক্তব্য পেশ করেননি বলেও জাানিয়েছেন ক্যামেরন। ফলে ঘটনার জল যে আর বেশিদূর গড়াবে না তা নিশ্চিত।

ব্যানক্রফটের বক্তব্য ও সমর্থন
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভুল মেনে নিয়েও ক্যামেরন ব্যানক্রফট জানিয়েছিলেন, 'স্যান্ডপেপার' কাণ্ডের যুক্ত সেই অস্ট্রেলিয়া দলের সব ক্রিকেটার। বিশেষ করে সেই দলের বোলারদেরও অভিযোগের কাঠগড়ায় তোলা উচিত ছিল বলে জানিয়েছিলেন প্রাক্তন অজি ওপেনার। এ ব্যাপারে তিনি অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক ও অ্যাডাম গিলক্রিস্টকে পাশে পেয়ে গিয়েছিলেন। উল্লেখ্য ২০১৮ সালে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে বল বিকৃতির অভিযোগ উঠেছিল অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, ওপেনার ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের বিরুদ্ধে। ক্যামেরায় তাঁদের কুকীর্তি ধরাও পড়েছিল। ৯ মাসের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন ব্যানক্রফট। স্মিথ এবং ওয়ার্নারকে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।












Click it and Unblock the Notifications