করোনার দাপটে আইপিএল স্থগিত হতেই শাখের করাতের নিচে স্মিথ, ওয়ার্নার, পন্টিংরা
করোনার দাপটে আইপিএল স্থগিত হতেই শাখের করাতের নিচে স্মিথ, ওয়ার্নার, পন্টিংরা
একের পর এক ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হতেই আর কোনও ঝুঁকি নিতে রাজি হয়নি বিসিসিআই। আইপিএল ২০২১ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। আপাতদৃষ্টিতে তা স্বস্তিদায়ক হলেও ভারতীয় বোর্ডের এই পদক্ষেপ উভয় সংকটে ফেলে দিয়েছে আইপিএল খেলতে আসা সব অস্ট্রেলিয় ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ এবং ধারাভাষ্যকারদের। জেনে নিন এর কারণ।

কেন সংকটে স্মিথ, ওয়ার্নার, পন্টিং
করোনা ভাইরাসের জেরে আইপিএল বাতিল হতেই উভয় সংকটে পড়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাউ এবং ধারাভাষ্যকাররা। আগামী ১৫ মে পর্যন্ত ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয় সরকার। এই সময়ের মধ্যে ভারতে আইপিএল খেলতে দেশের তারকাদের ফেরাতে তাঁরা কোনও ব্যবস্থা নেবে না বলে জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিং, গ্লেন ম্যাক্সওয়েলদের জন্য চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হবে না বলে জানিয়ে দিয়েছে তাঁদের দেশের ক্রিকেট বোর্ড। এই পরিস্থিতিতে বিসিসিআই এবং নরেন্দ্র মোদী প্রশাসনের দিকে তাকিয়ে থাকা ছাড়া অস্ট্রেলিয় ক্রিকেটারদের কাছে আর কোনও উপায় নেই। অন্যথায় ভারতেই আটকে থাকতে হবে ক্রিস লিনদের।

কী করতে পারে বিসিসিআই
করোনা ভাইরাসের আবহে সুষ্টুভাবে আইপিএল আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল বিসিসিআই। ভারতে টুর্নামেন্ট খেলতে আসা বিদেশি ক্রিকেটাদের নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। কিন্তু অস্ট্রেলিয় ক্রিকেটারদের ক্ষেত্রে এই মুহুর্তে সেই পদক্ষেপ করা সম্ভব হবে না। কারণ অস্ট্রেলিয় সরকার জানিয়ে দিয়েছে, অতিমারীর কঠিন পরিস্থিতি যে ভারত থেকে তাদের দেশে প্রবেশ করবেন, তাঁদের কমপক্ষে পাঁচ বছরের জেল হবে। এহেন পরিস্থিতিতে স্কট মরিসন সরকার ও অস্ট্রেলিয় ক্রিকেট বোর্ডকে অনুরোধ করা ছাড়া বিসিসিআইয়ের কাছে আর কোনও উপায় আছে বলে মনে হয় না।

আইপিএল ছেড়ে দেওয়া ক্রিকেটার
ভারতে করোনা ভাইরাসের প্রভাব লাগামছাড়া হয়েছে। অক্সিজেনের অভাবে রাস্তাঘাটে পড়ে থেকে প্রাণ হারাচ্ছেন মানুষ। উদ্ভুত পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিন অস্ট্রেলিয় ক্রিকেটার। দেশে ফিরে গিয়েছেন অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা এবং কেন রিচার্ডসন।

আইপিএলে অস্ট্রেলিয় ক্রিকেটার ও অন্যান্য
তিন ক্রিকেটার চলে যাওয়ার পর আইপিএল অংশ নেওয়া বিভিন্ন দলের জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন ১৪ জন অস্ট্রেলিয় ক্রিকেটার। সেই তালিকায় স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস লিনের মতো হাই প্রোফাইল নামগুলি অন্তর্ভূক্ত। দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচ হিসেবে ভারতে রয়েছেন যথাক্রমে রিকি পন্টিং ও সাইমন ক্যাটিচ। আইপিএল উপলক্ষে ভারতে রয়েছেন ব্রেট লি, মাইকেল স্ল্যাটারের মতো প্রাক্তন অস্ট্রেলিয় ত্রিকেটাররা।












Click it and Unblock the Notifications