স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া নামছে শক্তিশালী দল নিয়েই, ভারতের বিরুদ্ধে ODI-এ বাড়ছে ব্যাটিং গভীরতা
কাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিকে ৮ ব্যাটার নিয়ে নামছে অস্ট্রেলিয়া। আজ এ কথা জানিয়েছেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অক্টোবরে ভারতে শুরু হবে ৫০ ওভারের বিশ্বকাপ। তার আগে মেন ইন ব্লু-র বিরুদ্ধে তিন ম্য়াচের ওডিআই সিরিজকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া।

ম্যাকডোনাল্ড এদিন মুম্বইয়ে সাংবাদিকদের বলেন, দলের ভারসাম্য নিয়ে নিজেদের মধ্যে কথা হয়েছে। ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্য আমরা আট ব্যাটার খেলাব। এর আগেও আমরা এই কম্বিনেশনে খেলেছি। তবে বিশ্বকাপের আগে একাধিক কম্বিনেশন যাচাই করা হবে। ভারত সফরে যে দল বেছে নেওয়া হয়েছে তাতে প্রচুর অল-রাউন্ডার রয়েছেন। তাঁরা সকলেই প্রথম একাদশে থাকার যোগ্য।
চোট সারিয়ে অস্ট্রেলিয়া দলে কামব্যাক করছেন মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। মার্শ শুধু ব্যাটার হিসেবেই খেলবেন। ম্যাক্সওয়েল ব্যাটিংয়ের পাশাপাশি অ্যাডাম জাম্পার সঙ্গে দ্বিতীয় স্পিনারের দায়িত্ব সামলাতে পারেন। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে কনুইয়ের চোটের কারণে ছিটকে যাওয়া অভিজ্ঞ ডেভিড ওয়ার্নার খেলবেন। ক্যামেরন গ্রিনও হতে চলেছেন অস্ট্রেলিয়ার বড় অস্ত্র। তিনি আমেদাবাদ টেস্টে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন।
দলে বেশ কয়েকজন ভালো মানের অল-রাউন্ডার থাকায় আত্মবিশ্বাসী দেখিয়েছে মিচেল মার্শকে। তাঁর কথায়, ইংল্যান্ড দলেও আমরা দেখেছি আটে যিনি ব্যাট করতে নামেন তিনি বিশেষজ্ঞ ব্যাটার। এতে বড় রান তোলা যেমন সুবিধাজনক হয়, তেমনই রান তাড়ার ক্ষেত্রেও সুবিধা হয়। প্যাট কামিন্স, জশ হ্যাজলউড না থাকায় নাথান এলিস প্রথম একাদশে থাকবেন। বাকি দুটি জায়গার জন্য লড়াই গ্রিন, মার্শ, স্টইনিস, শন অ্যাবট ও অ্যাশটন অ্যাগারের।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ- ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, মিচেল মার্শ বা মার্কাস স্টইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও নাথান এলিস












Click it and Unblock the Notifications