ভারতের বিরুদ্ধে ODI সিরিজ জয়ের হাতছানি অস্ট্রেলিয়ার সামনে, উইনিং কম্বিনেশন ভাঙতে পারেন স্মিথরা
কাল চেন্নাইয়ে সিরিজ নির্ণায়ক তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ভারতের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। মুম্বইয়ে প্রথম ম্যাচে হারলেও বিশাখাপত্তনমে রোহিত শর্মাদের ৩৯ ওভার বাকি থাকতে ১০ উইকেটে পরাস্ত করেছে অজিরা। কাল জিতলে সিরিজের দখল নেওয়ার পাশাপাশি বিশ্বের ১ নম্বর দল হওয়ার হাতছানিও রয়েছে অস্ট্রেলিয়ার সামনে।

বিশ্বকাপকে মাথায় রেখে মহড়া
অগাস্টের আগে কালই শেষবার কোনও একদিনের আন্তর্জাতিক খেলছে ভারত ও অস্ট্রেলিয়া। অগাস্টে ভারতের ক্যারিবিয়ান সফর রয়েছে। অস্ট্রেলিয়ার সিরিজ রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ভারতে বিশ্বকাপের আগে কাল চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে মহড়া সেরে নেওয়ার সুযোগ পাবে অস্ট্রেলিয়া। উইনিং কম্বিনেশনে রদবদলও আসার সম্ভাবনা রয়েছে। ফিট থাকলে গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড ওয়ার্নার প্রথম একাদশে ফিরবেন।

ওয়ার্নারের খেলার সম্ভাবনা
আজ চেন্নাইয়ে আধ ঘণ্টারও বেশি নেটে অনুশীলন করেছেন ডেভিড ওয়ার্নার। দিল্লি টেস্টে প্রথম ইনিংসে কনকাসনের কারণে সরে দাঁড়ান। কনুইয়ে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়ায় দেশে ফিরেছিলেন। চলতি একদিনের সিরিজে প্রথম দুটি ম্যাচে ফিটনেসের কারণেই ওয়ার্নার খেলতে পারেননি বলে জানানো হয়েছিল অস্ট্রেলিয়া দলের তরফে। আগের দুটি ম্যাচে পেসাররা সাহায্য পেয়েছেন। তবে চিপকের পিচ স্পিন সহায়ক হয়। সেখানে ওয়ার্নারের অভিজ্ঞতা কাজে লাগতে পারে।

অলরাউন্ডারের সংখ্যা বাড়িয়ে নামবে অজিরা?
অস্ট্রেলিয়া বেশিরভাগ অলরাউন্ডারকে রেখেই দল সাজাতে পারে। ওয়ার্নার খেললে মিচেল মার্শের সঙ্গে তিনিই ওপেন করবেন। মার্নাস লাবুশেনকে বসানো হতে পারে। নাথান এলিস আগের ম্যাচে দলে এসেছিলেন ম্যাক্সওয়েলের পরিবর্তে। দুটি উইকেট নেন। আজ সাংবাদিকদের মুখোমুখি হতে তাঁকেই পাঠানো হয়েছিল। আগের ম্যাচে মার্কাস স্টইনিসকে দিয়ে বোলিং করানো হয়নি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অঙ্গ হিসেবে তিনি দলে থাকবেন কিনা সেটা দেখার।

এলিসদের পরিকল্পনা
নাথান এলিস জানিয়েছেন, তিনি দেশের ক্যাপ পেয়েছিলেন মিচেল স্টার্কের কাছ থেকে। তাঁর সঙ্গে খেলার সুযোগ পাওয়া বড় ব্যাপার। খেলার আগে ও পরে স্টার্কের পরামর্শে তিনি নিজেকে সমৃদ্ধ করেন বলে জানিয়েছেন। কালকের ম্যাচে ওয়ার্নার খেলবেন কিনা সেটা বলতে পারেননি। তবে চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে অ্যাডাম জাম্পা কার্যকরী হতে পারেন বলে মনে করছেন এলিস। তিনি সাফ বলেন, আগে থেকে কোনও ভাবনা নিয়ে নামছেন না। প্রথমে দল ব্যাটিং করলে ব্যাটারদের থেকে পিচের চরিত্র বুঝে বোলিং করবেন। প্রথমে বোলিং করতে হলে প্রয়োজনীয় তথ্য দেবেন ব্যাটারদের।

কেমন হবে কম্বিনেশন?
চেন্নাইয়ে ১৯৮৭ সালের বিশ্বকাপে ভারতকে ১ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। মিচেল মার্শের বাবা জিওফ মার্শ ১১০ রান করেছিলেন। এরপর এই মাঠে চারটি ওডিআই খেললেও তার মধ্যে মাত্র একটি ভারতের বিরুদ্ধে। ২০১৭ সালের বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচ জিতেছিল ভারত। কাল অস্ট্রেলিয়া দলে স্পিনার সংখ্যা বাড়িয়ে খেলানো হতে পারে অ্যাশটন অ্যাগারকে।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ট্রাভিস হেড, স্টিভ স্মিথ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, নাথান এলিস বা শন অ্যাবট বা নাথান এলিস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।












Click it and Unblock the Notifications