AUS vs IND: পারথ টেস্টে অধিনায়ক হিসেবে দুই সেরা পেসারের দ্বৈরথ, ভারত ও অস্ট্রেলিয়ার একাদশ কেমন হচ্ছে?
AUS vs IND: প্যাট কামিন্স বনাম জসপ্রীত বুমরাহ। পারথ টেস্টে বিশ্বের অন্যতম দুই সেরা পেসারের অধিনায়কত্বের দ্বৈরথ। কাল থেকে শুরু ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ টেস্টের সিরিজ।
পারথের অপটাস স্টেডিয়ামের পিচে পেস ও বাউন্স থাকছে। সেইমতোই কম্বিনেশন চূড়ান্ত করার পথে দুই দল।

চলতি বছরই প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া খেলেছিল টিম সাউদির নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কয়েক মাসের ব্যবধান, এবার কামিন্স বনাম বুমরাহ। রোহিত শর্মা না থাকায় শুধু পারথ টেস্টেই নেতৃত্ব দেবেন বুমরাহ। যা নিঃসন্দেহে উল্লেখযোগ্য।
অপটাস স্টেডিয়ামে কাল টস জেতা দল পিচের ঘাসকে কাজে লাগাতে প্রথমে ফিল্ডিং নিতে পারে। ৮ থেকে ১০ মিলিমিটার ঘাস রয়েছে। মাঝেমধ্যে বৃষ্টি হওয়ায় পিচে বড় ফাটল হওয়ার সম্ভাবনা নেই। তবে শেষের দিকে অসমান বাউন্স সমস্যা তৈরি করতে পারে ব্যাটারদের ক্ষেত্রে।
প্রথম কয়েকটি সেশন ভালো ব্যাটিংয়ের পক্ষে আদর্শ হতে পারে। টেস্ট বৃষ্টিতে ব্যাহত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। প্রথমদিকে বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশ। ফলে সমস্যা হওয়ার কথা নয়। টেস্ট ম্যাচের পক্ষে আদর্শ পরিবেশ। তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
ভারতীয় দলে কাল অভিষেক হতে পারে নীতীশ কুমার রেড্ডির। লোকেশ রাহুল ওপেন করতে চলেছেন যশস্বী জয়সওয়ালের সঙ্গে। তিন নম্বরে আসবেন দেবদত্ত পাড়িক্কল। সরফরাজ খানের চেয়ে প্রথম একাদশে সুযোগ পাওয়ার নিরিখে এগিয়ে ধ্রুব জুরেল।
জসপ্রীত বুমরাহর সঙ্গে জোরে বোলার হিসেবে থাকবেন মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। সিরাজের জায়গা. আকাশ দীপকে খেলালেও অবাক হওয়ার কিছু নেই। হর্ষিত রানার অভিষেকের সম্ভাবনা থাকলেও প্রসিদ্ধর ক্ষেত্রে পজিটিভ দিক তাঁর উচ্চতা। পেসের সঙ্গে যে কারণে বাউন্স আদায় করতে পারবেন। আগে তিনি টেস্টও খেলেছেন। সেই সঙ্গে নীতীশের সিম বোলিং কাজে লাগবে।
একমাত্র স্পিনার হিসেবে খেলবেন রবিচন্দ্রন অশ্বিন। নীতীশ কুমার রেড্ডি থাকায় ভারতের ব্যাটিং গভীরতাও ভালোই থাকবে। অস্ট্রেলিয়া দলে টেস্ট অভিষেক হতে চলেছে ওপেনার নাথান ম্যাকসুইনির।
ভারতের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, দেবদত্ত পাড়িক্কল, বিরাট কোহলি, ধ্রুব জুরেল, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, নীতীশ কুমার রেড্ডি, প্রসিদ্ধ কৃষ্ণ বা হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), মহম্মদ সিরাজ বা আকাশ দীপ।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ- নাথান ম্য়াকসুইনি, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্য়াট কামিন্স (অধিনায়ক),মিচেল স্টার্ক, নাথান লিয়ঁ, জশ হ্যাজলউড।












Click it and Unblock the Notifications