BGT: লজ্জা বাড়ল ভারতের, সিডনি টেস্টের উল্লেখযোগ্য কিছু পরিসংখ্যান
BGT: সিডনি টেস্টে ৬ উইকেটে ভারতকে হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে গেল অস্ট্রেলিয়া। লজ্জা বাড়ল ভারতের।
২০১৭ সাল থেকে দখলে থাকা বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া হলো ভারতের। ১০ বছর পর এই ট্রফি জয় অজিদের।

দুই ইনিংস মিলিয়ে ভারত সিডনি টেস্টে খেলল ৬৭৩ বল। যা সর্বনিম্ন। এর আগে, ১৯৮১ সালে সিডনি টেস্টে ভারত ৬৯২ বল খেলেছিল। সবচেয়ে বেশি ৬ রান রেট রেখে দেশের মাটিতে দেড়শোর উপর রান তাড়া করে জিতল অজিরা।
ভারত এই নিয়ে সপ্তমবার অস্ট্রেলিয়ায় সদ্যসমাপ্ত সিরিজে ইনিংসে ২০০-র উপর রান তুলতে পারল না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই নজিরে ভারত ছুঁল ওয়েস্ট ইন্ডিজের নজির। ২০০০ সালে অস্ট্রেলিয়া সফরেই চার টেস্টের সিরিজে ৭ বার ওয়েস্ট ইন্ডিজ থামে দুশোর কম রানে।
জসপ্রীত বুমরাহ হলেন সিরিজ-সেরা। ৫টি টেস্টে ৯ ইনিংসে তিনি ১৫১.২ ওভার বল করেছেন, ৩৯টি মেডেন, ৪১৮ রান দিয়ে পেয়েছেন ৩২টি উইকেট। ইনিংসে সেরা বোলিং ৭৬ রানে ৬ উইকেট। ম্যাচে সেরা বোলিং ৯৪ রান খরচ করে ৯ উইকেট। গড় ১৩.০৬, ইকনকি ২.৭৬। ইনিংসে পাঁচ উইকেট ৩ বার।
সিডনি টেস্টে আজ তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ম্যাচের ফয়সালা হলো। লাগল ১১৪১টি বল। সবচেয়ে কম বলের নিরিখে সিডনি টেস্টে ফয়সালা হওয়া ম্যাচের তালিকায় এবারের টেস্টটি রইল তিন নম্বরে।
স্কট বোল্যান্ড সিডনি টেস্টে দুই ইনিংস মিলিয়ে নিলেন ১০ উইকেট। ২০০৩ সালে ইংল্যান্ডের অ্যান্ড্রু ক্যাডিকের পর এই প্রথম কোনও বোলার সিডনি টেস্টে ১০ উইকেট পেলেন। ভারতের বিরুদ্ধে টেস্টে স্কট বোল্যান্ডের বোলিং গড় ১৬। টেস্টে অন্তত ১৫ উইকেট রয়েছে এমন বোলারদের তালিকায় চলতি শতাব্দীতে ভারতের বিরুদ্ধে টেস্টে সেরা বোলিং গড়ের নজির দখলে নিলেন বোল্যান্ড।
ভারতের বিরুদ্ধে সিরিজে মাত্র ১ রানের জন্য টেস্ট কেরিয়ারের ১০ হাজার রান পূর্ণ করতে পারলেন না স্টিভ স্মিথ। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একইভাবে ১ রানের জন্য ১০ হাজার রানের ক্লাবে যোগ দিতে পারেননি শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে। ফলে সেবারের জয়বর্ধনের মতো এবার অপেক্ষা দীর্ঘায়িত হলো স্মিথের।












Click it and Unblock the Notifications