AUS vs IND: গাব্বায় সবুজ পিচের চ্যালেঞ্জ কঠিন করতে পারে আবহাওয়া, ব্রিসবেন টেস্ট চলাকালীন বৃষ্টির পূর্বাভাস
AUS vs IND: ব্রিসবেনের গাব্বায় ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট শুরু হবে শনিবার থেকে। এই স্টেডিয়ামে ভারত মাত্র একটিই টেস্ট জিতেছে, ২০২০ সালে।
পাঁচ টেস্টের সিরিজ এখন ১-১। ব্রিসবেনের সবুজ গতিময় ও বাউন্সি পিচে ভারতীয়দের স্বাগত জানাতে চলেছে অস্ট্রেলিয়া। এখনও অবধি তেমনই আভাস।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে দুই দলের কাছে এই টেস্ট-সহ বাকি তিনটি দ্বৈরথই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত পারথ টেস্ট জিতেছিল ২৯৫ রানে। অস্ট্রেলিয়া অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্ট জিতে নিয়েছে ১০ উইকেটে।
গাব্বায় যেমন পিচ অপেক্ষা করছে তা পেসারদের মুখে হাসি ফোটানোর পক্ষে যথেষ্ট। তবে প্রথম একাদশ বাছাইয়ের সময় আবহাওয়ার দিকেও নজর রাখতে হবে ভারত ও অস্ট্রেলিয়াকে। কেন না, টেস্টের পাঁচদিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ফলে মেঘলা আবহাওয়া কঠিন করে দিতে পারে ব্যাটারদের চ্যালেঞ্জ। ম্যাচ চলাকালীন ব্রিসবেনের তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩১-৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। টেস্টের প্রথম দিন আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। সকালে বা দুপুরের দিকে মাঝারি বৃষ্টি হতে পারে।
টেস্টের সব দিনেই বৃষ্টির পূর্বাভাস থাকলেও একটাই স্বস্তি, ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। টেস্টের প্রথম দিন বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ। বাকি দিনগুলির কোনওটিতে ৪০, কোনওটিতে আবার ৩০ শতাংশ। ফলে ম্যাচে ফয়সালা হতে বৃষ্টির বাধা থাকবে না।
Adelaide ✅
— BCCI (@BCCI) December 11, 2024
Hello Brisbane 👋#TeamIndia | #AUSvIND pic.twitter.com/V3QJc3fgfL
ভারত গাব্বায় যে একমাত্র টেস্টটি জিতেছিল সেটি হয়েছিল অস্ট্রেলিয়ার গ্রীষ্মে। জানুয়ারিতে। কিন্তু এবার কিছুদিন আগেই হবে। ফলে ফ্রেশ পিচে বলে যেমন গতি থাকবে, তেমনই থাকবে বাউন্স ও ক্যারি। ভারত ও অস্ট্রেলিয়া দল কাল থেকেই ব্রিসবেনে অনুশীলনে নামবে।
গাব্বায় নামার আগে অস্ট্রেলিয়ার পক্ষে গুরুত্বপূর্ণ একটি পরিসংখ্যান সামনে এসেছে। অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসের পরিসংখ্যান অনুযায়ী, ক্রিসমাসের পর গাব্বায় ৫টি টেস্ট খেলতে নেমে অস্ট্রেলিয়া তিনবার হেরেছে।
তার মধ্যে ২০২০ সালে ভারতের বিরুদ্ধে এবং চলতি বছর ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে অজিরা। কিন্তু ক্রিসমাসের আগে এখানে অস্ট্রেলিয়া মোট ৬১টি টেস্ট খেলেছে। তার মধ্যে হারতে হয়েছে মাত্র ৭টিতে।












Click it and Unblock the Notifications