Pat Cummins: বিশ্বকাপের আগে চিন্তায় অস্ট্রেলিয়া, ভারত সফরে অনিশ্চিত প্যাট কামিন্স, নেতৃত্বে মার্শ?
Pat Cummins: বিশ্বকাপের আগে ভারতে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচ মোহালিতে ২২ সেপ্টেম্বর। যদিও এই সিরিজে অনিশ্চিত হয়ে পড়লেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
ওভালে অ্যাশেজের পঞ্চম টেস্টের প্রথম দিনেই কব্জিতে চোট পেয়েছিলেন। শক্ত করে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় তিনি এই টেস্টটি খেলেন। যদিও সেই চোটই এখন চিন্তা বাড়াচ্ছে অস্ট্রেলিয়ার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এখনও কামিন্সের বাঁ হাতের কব্জির চোটের ব্যাপারে কিছু বলা হয়নি। সিডনি মর্নিং হেরাল্ডে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ, কামিন্সের চোটের বিষয়ে বিস্তারিত জানেন এমন দুজন (যাঁদের সরকারিভাবে কোনও তথ্য না জানাতেই বলা হয়েছে) স্পষ্ট করেছেন যে, কামিন্সের ফ্র্যাকচারের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না।

ওভাল টেস্টে কামিন্স বোলিং করার সময় চোটের প্রভাব লক্ষ্য করা যায়নি। তবে ভালোরকম অস্বস্তি বোধ হচ্ছিল ব্যাট করার সময়। ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার পর ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজের পাঁচটি টেস্ট খেলেছেন। বিশ্বকাপের আগে কামিন্সকে তরতাজা রাখতে বিশ্রামে রাখাও জরুরি। কিন্তু কব্জিতে ফ্র্যাকচার ধরা পড়লে তা বিশ্বকাপের আগে অজিদের কাছে বড় ধাক্কাই হবে।
দক্ষিণ আফ্রিকা ও ভারত সফরের জন্য অস্ট্রেলিয়া দল আগামী সপ্তাহেই ঘোষণা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। কামিন্সের অনুপস্থিতিতে অধিনায়ক করা হতে পারে মিচেল মার্শকে। মার্শ অস্ট্রেলিয়ার টি ২০ অধিনায়ক হবেন বলেও জল্পনা চলছে। চলতি বছর ভারত সফর চলাকালীন কামিন্স মায়ের অসুস্থতার কারণে দেশে ফিরেছিলেন। তখন অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন স্টিভ স্মিথ।
চলতি মাসের ৩০ তারিখ থেকে দক্ষিণ আফ্রিকায় তিনটি টি ২০ আন্তর্জাতিক ও পাঁচটি একদিনের আন্তর্জাতিক খেলবে অস্ট্রেলিয়া। এরপরই ভারতে আসবে ক্যাঙারু বাহিনী।












Click it and Unblock the Notifications