IND vs NZ: ভারতকে সরিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া, কঠিন হয়ে গেল রোহিতদের ICC WTC ফাইনালের সমীকরণ
IND vs NZ: অস্ট্রেলিয়া সফরে রওনা হওয়ার আগে বড় ধাক্কা খেল ভারতীয় টেস্ট দল। ১২ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজ হার নিশ্চিত হয়ে গিয়েছিল পুণেতেই।
আজ মুম্বই টেস্ট প্রায় আড়াই দিনে শেষ হতেই ২৪ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো ভারত। ১২ বছর পর ওয়াংখেড়েতে ভারতীয় দল টেস্ট হারের সাক্ষী থাকল।

ভারত এই প্রথম দেশের মাটিতে তিন টেস্টের সিরিজের সব ম্যাচই হারল। নিউজিল্যান্ড ইতিহাস গড়ল। তাও আগের সিরিজেই শ্রীলঙ্কায় ০-২ ব্যবধানে টেস্ট হেরে আসার পর। ভারত অধিনায়ক রোহিত শর্মা স্বীকার করে নিলেন, নিউজিল্যান্ড ভারতের চেয়ে চলতি সিরিজে ভালো ক্রিকেট খেলেছে।
রোহিতের কথায়, ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই নিউজিল্যান্ড আমাদের চেয়ে সিরিজে এগিয়ে ছিল। ফিল্ডিং দুই দলের সমান মানের। নিউজিল্যান্ড বিগত চার-পাঁচ বছরে দেশের পাশাপাশি বিদেশেও ধারাবাহিকতা দেখিয়েছে। ফলে শ্রীলঙ্কার সিরিজের ফলাফলকে গুরুত্ব দিইনি। আমরা জানতাম, চ্যালেঞ্জিং সিরিজই হতে চলেছে। বেঙ্গালুরু টেস্টে পিচ বুঝতে আমার ভুল হয়েছিল। সেটাই ফ্যাক্টর হয়েছে।
এই সিরিজ জিতলে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট আদায় করে ফেলতে পারতো। কিন্তু ০-৩ ব্যবধানে সিরিজ হারায় এখন ফাইনালের পথ অনেকটাই কঠিন হয়ে গেল। পয়েন্ট তালিকায় অনেকদিন পর ভারত নেমে গেল দুইয়ে।
১২টি টেস্টে ৯০ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়ার সাফল্যের হার ৬২.৫০ শতাংশ। ভারতের সাফল্যের হার বা পয়েন্টের শতাংশ কমে হলো ৫৮.৩৩ শতাংশ। ১৪ ম্যাচে ৯৮ পয়েন্ট রয়েছে ভারতের। শ্রীলঙ্কা রয়েছে তিনে। ৯ ম্যাচে তাদের সাফল্যের হার ৫৫.৫৬ শতাংশ।
নিউজিল্যান্ড পয়েন্ট তালিকার চারে। তাদের সাফল্যের হার ৫৪.৫৫ শতাংশ। পাঁচে রয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা বাংলাদেশে সিরিজ জেতায় তাদের সাফল্যের হার ৫৪.১৭ শতাংশ। এই পাঁচটি দলের সকলেই আইসিসি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনাল খেলার দৌড়ে।
বর্তমানে পরিস্থিতি যা দাঁড়াল তাতে অন্য কোনও ফলাফলের উপর নির্ভর না করে ফাইনালের টিকিট আদায়ে অস্ট্রেলিয়ায় গিয়ে পাঁচটি টেস্টের মধ্যে চারটিতেই জিততে হবে। ফলাফল অন্যথা তাকিয়ে থাকতে হবে অন্য সিরিজের ফলাফলগুলির দিকে। শ্রীলঙ্কার সিরিজ বাকি রয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই সিরিজের ফলাফলগুলির উপর নির্ভর করবে ভারতের ফাইনাল খেলার সমীকরণ। তবে অস্ট্রেলিয়ায় চারটি টেস্ট জেতা মোটেই সহজ নয়। তাই ফাইনালে ওঠার প্রতীক্ষার পালা দীর্ঘায়িত হবেই।












Click it and Unblock the Notifications