চেন্নাইয়ে সিরিজ নির্ণায়ক ম্যাচে ভারতের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং অস্ট্রেলিয়ার, কোন দলের একাদশে কারা?
সিরিজ নির্ণায়ক তৃতীয় একদিনের আন্তর্জাতিকে আজ চিপকে ভারত খেলতে নামছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আজকের ম্যাচ জিতলে সিরিজ জয়ের সঙ্গে সঙ্গে ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখতে পারবে রোহিত শর্মার দল। এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ভারতীয় একাদশ অপরিবর্তিত। অস্ট্রেলিয়া দলে দুটি পরিবর্তন।

সিরিজ দখলের লড়াই
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে ২ বার। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। ২০১৭ সালে চিপকে বিরাট কোহলির ভারত ৮৭ রানে পাঁচ উইকেট হারানোর পর হার্দিক পাণ্ডিয়ার ৮৩ ও মহেন্দ্র সিং ধোনির ৭৯ রানের দৌলতে ৭ উইকেটে ২৮১ রানে পৌঁছয়। বৃষ্টির জেরে অজিদের টার্গেট দাঁড়ায় ২১ ওভারে ১৬৪। কিন্তু স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ৯ উইকেটে ১৩৭ রানের বেশি এগোতে পারেনি। যুজবেন্দ্র চাহাল তিনটি এবং হার্দিক ও কুলদীপ যাদব ২টি করে উইকেট নিয়েছিলেন।

পিচ রিপোর্ট
পিচ রিপোর্ট দিতে গিয়ে সঞ্জয় মঞ্জরেকর ও অজিত আগরকার জানান, উইকেট ভালোরকম শক্ত রয়েছে। ঘাসের হাল্কা আস্তরণ রয়েছে। তবে মাঝের দিকে কিছুটা অংশ রাফ। এই উইকেটে টস জেতা দল প্রথমে বোলিং করতেও পছন্দ করবে। সন্ধ্যার দিকে তাপমাত্রা কমলে এই উইকেটে ব্যাটিং করা সহজ হয়ে যাবে। পিচের দুই দিকের বাউন্ডারি ৬৪ ও ৬৭ মিটারের। সোজাসুজি বাউন্ডারি ৭৫ মিটারের। আগের দুটি লো স্কোরিং ম্যাচের পর আজ হাই স্কোরিং ম্যাচ হয় কিনা সেদিকে সকলেরই নজর।

ওয়ার্নারের প্রত্যাবর্তন
স্টিভ স্মিথ বলেন, উইকেট শক্ত ও শুষ্ক। সে কারণেই টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত। ক্যামেরন গ্রিনের শরীর ভালো নেই। তাঁর জায়গায় খেলছেন ডেভিড ওয়ার্নার। এখানকার উইকেট দেখে নাথান এলিসের জায়গায় খেলানো হচ্ছে স্পিনার অ্যাশগটন অ্যাগারকে। প্রথমে ব্যাট করে বড় রান তোলাই লক্ষ্য অস্ট্রেলিয়ার।
অস্ট্রেলিয়া- ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ (অধিনায়ক), মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

ভারতের একাদশ অপরিবর্তিত
ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, তিনি টস জিতলে ফিল্ডিংই নিতেন। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রতিটি ম্যাচকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ম্যাচে চার পেসারে নামার ভাবনা ছিল। তবে সব ক্রিকেটারকে পর্যাপ্ত সুযোগ দিতে চান, সে কারণে প্রথম একাদশ অপরিবর্তিত।
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।
🚨 Toss Update from Chennai 🚨
— BCCI (@BCCI) March 22, 2023
Australia have elected to bat against #TeamIndia in the third & final #INDvAUS ODI.
Follow the match ▶️ https://t.co/eNLPoZpkqi @mastercardindia pic.twitter.com/JAjU6ttaJh












Click it and Unblock the Notifications