আমেদাবাদে টস জিতে ব্যাটিং নিল অস্ট্রেলিয়া, ভারতীয় একাদশে একটি পরিবর্তন
আমেদাবাদ টেস্টে টস জিতে ব্যাটিং নিল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের একাদশে পরিবর্তন নেই। ভারত মহম্মদ সিরাজের জায়গায় খেলাচ্ছে মহম্মদ শামিকে।
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চতুর্থ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। ভারত ও অস্ট্রেলিয়ার ৭৫ বছরের ক্রিকেটীয় সম্পর্ক উদযাপনে বিশেষ মুদ্রায় টস হলো বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি স্টেডিয়ামে রয়েছেন। অস্ট্রেলিয়ার একাদশ অপরিবর্তিত। ভারতীয় দলে মহম্মদ সিরাজের জায়গায় এলেন মহম্মদ শামি।

এদিন পিচ রিপোর্ট দিতে গিয়ে ম্যাথু হেডেন বলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে এই স্টেডিয়ামে যে পিচে খেলা হয়েছিল তার চেয়ে এই উইকেট আলাদা। ভালো রোল করা হয়েছে পিচে। কিছু অংশে ঘাস রয়েছে। সকালের দিকে উইকেটে কিছুটা আর্দ্রভাব রয়েছে বলেও মনে হচ্ছে। যদিও সামগ্রিকভাবে এই উইকেট স্পিন সহায়কই হবে। উল্লেখ্য, ২০২১ সালে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে স্পিনাররা ৪৮টি উইকেট নিয়েছিলেন।
অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ বলেন, আগের টেস্টে আমাদের দল ভালো খেলেছে। তাই এরই একাদশ নিয়ে নামছি। স্টিভ স্মিথের মতো তিনিও টস জিতলে ব্যাটিংই নিতেন বলে জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর কথায়, মাঝে কয়েকটা দিন সময় পাওয়া গিয়েছে। আবার সকলে একসঙ্গে মিলে ভালো খেলার চেষ্টা চালাতে হবে। আগের তিনটি পিচের সঙ্গে এখানকার উইকেটের তফাত রয়েছে। পিচ দেখে ভালোই মনে হচ্ছে। আশা করি, পাঁচ দিন পিচের চরিত্রগত খুব পরিবর্তন হবে না।
অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ গতকালই বলেছিলেন, এই পিচে বড় স্কোর সম্ভব। টস জিতে ব্যাটিং নিতে পারায় এবার সেই লক্ষ্যেই যেতে চাইছে বিশ্বের ১ নম্বর টেস্ট দল। এদিন খেলা শুরুর আগে ক্রিকেটারদের সঙ্গে মিলিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি। দুই দেশের জাতীয় সংগীতের সময়ও তাঁরা মাঠে ছিলেন। ক্রিকেটারদের সঙ্গে পরিচয়পর্ব সারতে যাওয়ার সময় অ্যালবানাজি যান স্টিভ স্মিথের সঙ্গে। নরেন্দ্র মোদীর সঙ্গে গিয়ে ক্রিকেটারদের সঙ্গে পরিচয় করান ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২০২১ সালে এই স্টেডিয়ামে দুটি টেস্টেই ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত।
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, উমেশ যাদব, মহম্মদ শামি।
অস্ট্রেলিয়া- ট্রাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ (অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, টড মার্ফি, নাথান লিয়ঁ, ম্যাথু কুহনেম্যান।












Click it and Unblock the Notifications