প্যাট কামিন্স খেলবেন না ইন্দোরে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে, নেতৃত্বে স্টিভ স্মিথ
প্যাট কামিন্সের মা গুরুতর অসুস্থ, রয়েছেন প্যালিয়েটিভ কেয়ারে। পরিবারের পাশে থাকতে তাই ইন্দোর টেস্টের আগে ভারতে না আসার সিদ্ধান্ত নিলেন অজি অধিনায়ক।
চার টেস্টের বর্ডার-গাভাসকর ট্রফিতে ইতিমধ্যেই ভারত ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়ার চেয়ে। ইন্দোরে ১ মার্চ থেকে শুরু তৃতীয় টেস্ট। এই টেস্টটি জিতলে সিরিজ জয় নিশ্চিত করে ফেলবেন রোহিত শর্মারা। সিরিজ জিইয়ে রাখার লড়াইয়ে নামার আগে ফের ধাক্কা খেল অজিরা। খেলতে পারবেন না খোদ অধিনায়ক প্যাট কামিন্স।

কামিন্সের মা গুরুতর অসুস্থ। তাঁকে প্যালিয়েটিভ কেয়ারে রাখা হয়েছে। এই অবস্থায় আরও কিছুদিন মায়ের ও পরিবারের পাশে থাকতে চান কামিন্স। দিল্লি টেস্ট আড়াই দিনের মধ্যে শেষ হওয়ার পরই সিডনিতে ফিরে গিয়েছিলেন কামিন্স। চলতি সপ্তাহের শেষের দিকে তাঁর ফের ভারতে এসে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। যদিও কামিন্স নিজেই এদিন জানিয়েছেন, এই মুহূর্তে ভারতে আসার কথা ভাবছেন না। তিনি বলেন, আমার মা গুরুতর অসুস্থ। প্যালিয়েটিভ কেয়ারে রয়েছেন। এই সময় পরিবারের পাশে থাকাই উচিত। আমার পরিস্থিতি বুঝতে পেরে ক্রিকেট অস্ট্রেলিয়া ও সতীর্থরা যেভাবে পাশে রয়েছেন তাতে আমি আপ্লুত, সকলকে ধন্যবাদ জানাই।
ইন্দোরের পর ভারত-অস্ট্রেলিয়া টেস্ট রয়েছে আমেদাবাদে। তারপর রয়েছে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ। মায়ের অসুস্থতার কারণে কামিন্স দেশে থাকার সিদ্ধান্ত নেওয়ায় এখনও স্পষ্ট নয় ভারত সফরে আদৌ তিনি আর খেলবেন কিনা। একদিনের সিরিজেও কামিন্সকেই অধিনায়ক করে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। কামিন্স অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পর তাঁর অনুপস্থিতিতে এর আগে দুটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্মিথ।
দিল্লি টেস্টে অস্ট্রেলিয়া এক পেসারে খেলার সিদ্ধান্ত নিয়েছিল। কামিন্স খেললেও খুব বেশি বোলিং করেননি। ইতিমধ্যেই বিশ্বের ১ নম্বর টেস্ট বোলারের তকমাও জেমস অ্যান্ডারসনের কাছে খুইয়েছেন কামিন্স। তাঁর অধিনায়কত্বের আসল পরীক্ষা ছিল ভারতে টেস্ট সিরিজে। কিন্তু সেই সিরিজে হার বাঁচানোর লড়াই চালাতে হচ্ছে অজিদের। এই সিরিজ জেতার সম্ভাবনা আর নেই অস্ট্রেলিয়ার। দুটি টেস্ট জিতলে সিরিজে সমতা ফেরালেও বর্ডার-গাভাসকর ট্রফি ভারতের দখলেই থাকবে। ইন্দোর টেস্টে মিচেল স্টার্ক ফিরতে পারেন অজিদের প্রথম একাদশে। জোরে বোলারদের মধ্যে রয়েছেন স্কট বোল্যান্ড ও লান্স মরিস। ক্যামেরন গ্রিন যদি খেলার পরিস্থিতিতে থাকেন তাহলেও অজিদের বোলিং বিভাগ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। মরিসকে দেশে ফেরানোর পরিকল্পনা থাকলেও কামিন্সের অনুপস্থিতিতে তাঁকে ভারতে রেখে দেওয়া হয়েছে। মিচেল সোয়েপসন দলের সঙ্গে যোগ দেবেন। ইতিমধ্যেই কামিন্স ছাড়াও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, জশ হ্যাজলউড ও অ্যাশটন অ্যাগার দেশে ফিরে গিয়েছেন।












Click it and Unblock the Notifications