ইন্দোরে প্রথমবার টেস্টে পরাস্ত ভারত, রোহিতদের চূর্ণ করে ওভালের টিকিট কনফার্ম করল অস্ট্রেলিয়া
ইন্দোর টেস্টে ভারতকে ৯ উইকেটে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। বিশ্বের ১ নম্বর দল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল।
ইন্দোর টেস্টে ভারতকে হারিয়ে ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার ছাড়পত্র আদায় করে নিল অস্ট্রেলিয়া। রোহিত শর্মা পাকাপাকিভাবে ভারতের টেস্ট অধিনায়ক হওয়ার পর এই প্রথম দেশের মাটিটে টেস্ট হারল ভারত। ২০২১ সালের ফেব্রুয়ারিতে বিরাট কোহলির ভারতকে চেন্নাই টেস্টে হারিয়েছিল ইংল্যান্ড। এরপর এদিনের পরাজয়।

অস্ট্রেলিয়ার জয় ইন্দোর টেস্টে
জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ৭৬ রান। প্রথম ওভারে উসমান খোয়াজাকে ফিরিয়ে ম্যাচ জমানোর আশা জাগিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তবে ভারতীয় স্পিনারদের অবলীলায় সামলে এবং মাইন্ডগেম জিতে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়়েন মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেড। দিল্লি টেস্টেও জয়ের আশা জাগিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু শেষরক্ষা হয়নি। কিন্তু ইন্দোরে পরিকল্পনামাফিক খেলে সিরিজ হোয়াইটওয়াশ এড়াল অজিরা। ১৮.৫ ওভারেই জয়ের লক্ষ্য়ে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ৫৩ বলে ৪৯ ও মার্নাস লাবুশেন ৫৮ বলে ২৮ রানে অপরাজিত থাকেন। উসমান খোয়াজা ২ বলে ০ রানে অশ্বিনের বলে কট বিহাইন্ড হয়েছিলেন।
|
দুরন্ত পার্টনারশিপ
সিরিজে ভারত এগিয়ে রইল ২-১ ব্যবধানে। যদিও ইন্দোরের ঘূর্ণি উইকেটে জয় অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস বাড়াবে বলেই অভিমত প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীর। তিনি প্রথম থেকেই ইন্দোরে অস্ট্রেলিয়ার ব্যাটিং অ্যাপ্লিকেশনের প্রশংসা করছিলেন। আজও প্রথম ওভারে শূন্য রানে প্রথম উইকেটটি পড়ার পর চ্যালেঞ্জিং উইকেটে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং চালিয়ে জয় সুনিশ্চিত করলেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। যে স্টাইলে অস্ট্রেলিয়া জিতল তার প্রশংসা করলেন সুনীল গাভাসকরও। ১০ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১ উইকেটে ১৩। এই ওভারের পর বল বদলানো হয়। তারপরই গিয়ার বদলায় অস্ট্রেলিয়া, রান তোলার গতিও বাড়ে। একাদশ ওভারে অশ্বিন ১৩ রান দেন। এই ওভারে ট্রাভিস হেড একটি চার ও ছক্কা মেরে ভারতকে লড়াই থেকেই ছিটকে দেন।

হোয়াইটওয়াশ বাঁচিয়ে সমতা ফেরানোর লড়াই আমেদাবাদে
২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত দেশের মাটিতে চার টেস্টের সিরিজ জিতেছিল ৪-০ ব্যবধানে। এরপর ভারতে এসে আর হোয়াইটওয়াশ হতে হয়নি অজিদের। ২০১৭ সালে ভারত তার টেস্টের সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। প্যাট কামিন্স দেশে ফেরায় অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিলেন স্টিভ স্মিথ। তাঁর অধিনায়কত্বে জয় ছিনিয়ে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে আমেদাবাদে পা রাখবে অস্ট্রেলিয়া। ইন্দোরে হেরে যাওয়ায় আমেদাবাদে ভারত যে আর গ্রিনটপে খেলার সাহস দেখাবে না সেটাও স্পষ্ট।

ভারতীয় ভক্তদের হতাশ করলেন অশ্বিনরা
রবিচন্দ্রন অশ্বিন এদিন প্রথম ওভারেই ধাক্কা দিয়েছিলেন অস্ট্রেলিয়ার ইনিংসে। যদিও সেই চাপ ধরে রাখা যায়নি। ৯.৫ ওভারে তিনটি মেডেন-সহ ৪৪ রান খরচ করে একমাত্র উইকেটটি পেলেন। রবীন্দ্র জাদেজার ৭ ওভারে ১টি মেডেন, ২৩ রান দিয়ে তিনি উইকেট পাননি। উমেশ যাদব ২ ওভারে ১০ রান দেন। নাগপুর ও দিল্লি টেস্টে তৃতীয় দিনেই জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। ইন্দোরে তার পুনরাবৃত্তি ঘটিয়ে প্রত্যাঘাত করল অস্ট্রেলিয়া।
#WTC23 Final bound 🏆
— ICC (@ICC) March 3, 2023
Congratulations Australia. See you in June! 👋 pic.twitter.com/H2YdaWPzYV












Click it and Unblock the Notifications