তারকাদের ব্যাটিং ব্যর্থতা, সঙ্গে নির্বিষ বোলিং! পারথে অস্ট্রেলিয়ার কাছে চূর্ণ ভারত
লড়াইটা একদিনের আন্তর্জাতিকে বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ীদের। তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আজ পারথে ভারতকে হেলায় হারাল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া কার্যত দ্বিতীয় সারির দল নামিয়েছিল। মিচেল আওয়েন ও ম্যান রেনশর অভিষেক হলো। বাকি বেশিরভাগেরই বেশি ওডিআই বা আন্তর্জাতিক খেলার অভিজ্ঞতা নেই। ভারতের হয়ে এদিন ওডিআই অভিষেক হয় নীতীশ কুমার রেড্ডির।

ডিএলএস মেথডে অস্ট্রেলিয়া ভারতকে ২৯ বল বাকি থাকতে ৭ উইকেটে হারাল। অপটাস স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। দফায় দফায় বৃষ্টি নামায় ম্যাচের ওভারও কমতে থাকে। ৪৯, ৩৫ কিংবা ৩২ ওভারের ম্যাচ করানোর চেষ্টা হলেও শেষ অবধি ২৬ ওভারের ম্যাচ হলো।
ভারত ২৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে। ২টি করে চার ও ছয়ের সাহায্যে লোকেশ রাহুল ছয়ে নেমে ৩১ বলে সর্বাধিক ৩৮ রান করেন। পাঁচে নামা অক্ষর প্যাটেল ৩৮ বলে ৩১ রান করেন, তিনি মেরেছেন তিনটি চার। অভিষেক ম্যাচে নীতীশ কুমার রেড্ডি ২টি ছয়ের সাহায্যে ১১ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।
ভারতের শুরুটাই ছিল নড়বড়ে। ৮.১ ওভারে ২৫ রান ওঠার ফাঁকে প্যাভিলিয়নে ফেরেন রোহিত শর্মা (১৪ বলে ৮), বিরাট কোহলি (৮ বলে ০) ও অধিনায়ক শুভমান গিল (১৮ বলে ১০)। সহ অধিনায়ক শ্রেয়স আইয়ার ২৪ বলে ১১ রানের বেশি করতে পারেননি। ওয়াশিংটন সুন্দর ১০, হর্ষিত রানা ১ ও অর্শদীপ সিং ০ রানে আউট হন। শূন্য রানে অপরাজিত থাকেন মহম্মদ সিরাজ। জশ হ্যাজলউড, মিচেল আওয়েন ও ম্যাথু কুনেম্যান দুটি করে উইকেট নেন। বিরাট কোহলিকে ফেরান মিচেল স্টার্ক। নাথান এলিসও একটি উইকেট দখল করেন।
জবাবে খেলতে নেমে অস্ট্রেলিয়া ২১.১ ওভারেই প্রয়োজনীয় রান তুলে ফেলে। ভারতের বোলিং নির্বিষ বললেও কম বলা হয়। ট্রাভিস হেড ৫ বলে ৮, ম্যাথু শর্ট ১৭ বলে ৮ রান করেন। উইকেটকিপার জশ ফিলিপি তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৯ বলে ৩৭ রানের উপভোগ্য ইনিংস খেলেন।
অধিনায়ক মিচেল মার্শ অপরাজিত থাকলেন ৫২ বলে ৪৬ রান করে। তিনি ২টি চার ও তিনটি ছয় মেরেছেন। রেনশ ২৪ বলে ২১ রানে অপরাজিত থেকে যান, তাঁর ইনিংসে রয়েছে ১টি করে চার ও ছয়। অর্শদীপ সিং ৫ ওভারে ৩১, অক্ষর প্যাটেল ৪ ওভারে ১৯ ও ওয়াশিংটন সুন্দর ২ ওভারে ১৪ রান দিয়ে একটি করে উইকেট নেন। মহম্মদ সিরাজ ১টি মেডেন-সহ ৪ ওভারে ২১ রান দিয়ে উইকেট পাননি। হর্ষিত রানা ৪ ওভারে ২৭ ও নীতীশ কুমার রেড্ডি ২.১ ওভারে ১৬ রান খরচ করেছেন, উইকেট পাননি। ম্যাচের সেরা হয়েছেন মার্শ। দিন-রাতের দ্বিতীয় ওডিআই অ্যাডিলেডে বৃহস্পতিবার।












Click it and Unblock the Notifications