IND Wom vs AUS Wom: রিচার লড়াকু ৯৬ ব্যর্থ, হরমনপ্রীতের ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজ জয় অস্ট্রেলিয়ার
IND Wom vs AUS Wom: ভারতের কাছে টেস্টে হারলেও একদিনের আন্তর্জাতিক সিরিজ জয় নিশ্চিত করে ফেলল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অ্যালিসা হিলির দল জিতল ৩ রানে।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে আপ্রাণ চেষ্টা চালান শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ। যদিও শেষরক্ষা হয়নি।

নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলেছিল অস্ট্রেলিয়া। ওপেনার ফোয়েবে লিচফেল্ড সর্বাধিক ৬৩ রান করেন। এলিস পেরি ৪৭ বলে ৫০ রান করেন। আলানা কিং ১৭ বলে ২৮ ও কিম গার্থ ১০ বলে ১১ রান করে অপরাজিত থেকে মূল্যবান অবদান রাখেন। ৪৫.৫ ওভারে ২১৯ রানে ৮ উইকেট পড়েছিল। আর উইকেট হারায়নি অজিরা।
দীপ্তি শর্মা ১০ ওভারে ৩৮ রান দিয়ে ৫ উইকেট নেন। পূজা বস্ত্রকার, শ্রেয়াঙ্কা পাতিল ও স্নেহ রানা একটি করে উইকেট নেন। ফিল্ডিংয়ের সময় স্নেহ রানার ধাক্কা লেগেছিল পূজা বস্ত্রকারের সঙ্গে। চোট পাওয়ার পর কিছুক্ষণের জন্য মাঠের বাইরে যান। পরে ৬ ওভার বলও করেন। মাথায় যন্ত্রণা অনুভব করায় পরে তাঁকে হাসপাতালে পাঠানো হয়।
রানার কনকাসন পরিবর্ত হিসেবে নেওয়া হয় হারলীন দেওলকে। ভারত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৫ রানের বেশি এগোতে পারেনি। ১৩টি চারের সাহায্যে ১১৭ বলে সর্বাধিক ৯৬ রান করেন রিচা। জেমাইমা রডরিগেজ ৪৪, স্মৃতি মান্ধানা ৩৪ রান করেন। ৩৬ বলে ২৪ রানে অপরাজিত থাকেন দীপ্তি।
অ্যানাবেল সাদারল্যান্ড তিনটি, জর্জিয়া ওয়েরহ্যাম ২টি উইকেট নেন। তিনিই ম্য়াচের সেরা হয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন অ্যাশলে গার্ডনার, কিম গার্থ ও আলানা কিং। ম্যাচের সেরা হয়েছেন সাদারল্যান্ড। ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, আমরা ভালো বোলিং করেছি। দলের খেলায় খুশি। রান তাড়া করার সময় শেষদিকে আরেকটু সচেতনতা জরুরি ছিল। রিচা ভালো খেলেছেন। জেমাইমাও মিডল অর্ডারে অবদান রেখেছেন।
হরমনপ্রীতের দাবি, অস্ট্রেলিয়ার যা ব্যাটিং শক্তি তাতে তাদের ৩০০-র কমে থামা যথেষ্টই কৃতিত্বের। মাঝের ওভারগুলিতে আরও কিছুটা ভালো খেললে সফলভাবে রান তাড়া করা যেত বলে মনে করছেন হরমনপ্রীত। ক্যাচ মিসকে খেলার অঙ্গ হিসেবে চিহ্নিত করেছেন। গরমের মধ্যে টানা যেভাবে দল খেলছে তাতে বোলারদের পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন হরমনপ্রীত।












Click it and Unblock the Notifications