অস্ট্রেলিয়ায় ওডিআই সিরিজে পরাস্ত ভারত, অধিনায়ক হিসেবে ধাক্কা খেলেন গিল, প্রশ্নের মুখে গম্ভীরের পরিকল্পনা
অস্ট্রেলিয়া সফরে একদিনের আন্তর্জাতিক সিরিজে পরাস্ত ভারত। পারথের পর আজ অ্যাডিলেডে শুভমান গিলরা হারলেন ২ উইকেটে। ভারতের ওডিআই অধিনায়ক হওয়ার পর প্রথম সিরিজেই হার গিলের।
১৭ বছর পর অ্যাডিলেডে কোনও ওডিআইয়ে হারল ভারত। গত বছর শ্রীলঙ্কার পর এবার অস্ট্রেলিয়া- বিদেশ সফরে দুটি ওডিআই সিরিজে পরাজয় নিশ্চিতভাবেই ধাক্কা ভারতের ২০২৭ সালের বিশ্বকাপের প্রস্তুতিতে।

আজ টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। ভারত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৪ রান তোলে। রোহিত শর্মা ৭৩, শ্রেয়স আইয়ার ৬১, অক্ষর প্যাটেল ৪৪ রান করেন। হর্ষিত রানা ঝোড়ো ২৪ রান করে অপরাজিত থাকেন।
অ্যাডাম জাম্পা চারটি, জেভিয়ার বার্টলেট তিনটি ও মিচেল স্টার্ক ২টি উইকেট নেন। জশ হ্যাজলউড উইকেট পাননি, তবে ২টি মেডেন-সহ ১০ ওভারে মাত্র ২৯ রান খরচ করেন। ম্যাচের সেরা হন জাম্পা। তিনি শ্রেয়স, অক্ষরের পাশাপাশি লোকেশ রাহুল ও নীতীশ কুমার রেড্ডিকে সাজঘরে ফেরান।
জবাবে খেলতে নেমে ৪৬.২ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অজিরা। কঠিন পরিস্থিতিতে চাপের মুখে দুরন্ত ব্যাটিং করলেন কুপার কনোলি। পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে ৫৩ বলে ৬১ রানে অপরাজিত থাকেন তিনি। ম্যাথু শর্ট আউট হওয়ার পর যখন ভারত স্পিনারদের নিয়ে চেপে ধরার পরিকল্পনা করছিল তখন পাল্টা আক্রমণের রাস্তা বেছে নেন মিচেল আওয়েন। তিনি ২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৩ বলে ৩৬ রান করলেন। এটি ছিল তাঁর কেরিয়ারের দ্বিতীয় ওডিআই, বিগ ব্যাশে ব্যাটিংয়ের আগ্রাসী মেজাজ কাজে লাগালেন।
তিনে নামা ম্যাথু শর্ট ৪টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৭৮ বলে ৭৪ রান করেন। অধিনায়ক মিচেল মার্শ ২৪ বলে ১১, ট্রাভিস হেড ৪০ বলে ২৮, ম্যাট রেনশ ৩০ বলে ৩০, অ্যালেক্স ক্যারি ১৭ বলে ৯, জেভিয়ার বার্টলেট ৫ বলে ৩, মিচেল স্টার্ক ৭ বলে ৪ রান করেন। শূন্য রানে অপরাজিত থাকেন জাম্পা।
ম্যাচের ফল অন্যরকম হতে পারতো যদি শর্টের দুটি ক্যাচ না পড়তো। একটি ফেলেন অক্ষর প্যাটেল, আরেকটি সহজ ক্যাচ ফেলেন মহম্মদ সিরাজ। ভারতের পেসাররাও ভুগছিলেন ক্র্যাম্পের সমস্যায়। অর্শদীপ সিং ৮.২ ওভারে ৪১, হর্ষিত রানা ৮ ওভারে ৫৯, ওয়াশিংটন সুন্দর ৭ ওভারে ৩৭ রান দিয়ে ২টি করে উইকেট পেলেন।
সিরাজ ১০ ওভারে ৪৯ ও অক্ষর ১০ ওভারে ৫২ রান দিয়ে পেলেন একটি করে উইকেট দখল করেন। নীতীশ কুমার রেড্ডি ৩ ওভারে ২৪ রান দিয়ে উইকেট পাননি। শনিবার সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে লড়তে হবে ভারতকে। বিরাট কোহলি এই প্রথম পরপর দুটি ওডিআইয়ে শূন্য রান করলেন। তাঁর ব্যাট থেকে বড় রান প্রত্যাশা করছে ভারতীয় দল।
এই সিরিজ হারের পর প্রশ্ন উঠে গেল ভারতের একাদশ বাছাই নিয়ে। অজিদের যেখানে চাপে রাখছেন অক্ষর ও ওয়াশিংটন সুন্দর, সেখানে কুলদীপ যাদবকে খেলালে ভারত আরও সুবিধাজনক জায়গায় থাকতো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে যেখানে হর্ষিত রানা বা নীতীশ কুমার রেড্ডিকে খুবই সাধারণ মানের লাগছে। একসঙ্গে তিন পেসারের ক্র্যাম্পের সমস্যাও অবাক করছে। সেই সঙ্গে যে হারে ক্যাচ পড়ছে, তাও ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে। ফলে ফিল্ডিংয়ের উন্নতিও দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications