এক সেশনেই ১০ উইকেট হারাল বিশ্বের ১ নম্বর টেস্ট দল! নাগপুর টেস্টে ভারতের বিরাট জয়
নাগপুর টেস্টে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই ১০টি উইকেট হারাল অস্ট্রেলিয়া। ৯১ রানে অল আউট হয়ে গেল প্যাট কামিন্সের দল। ইনিংস ও ১৩২ রানে জিতে বর্ডার-গাভাসকর ট্রফির চার টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল রোহিত শর্মার ভারত।
নাগপুরে ইনিংস জয়ের সুবাদে চার টেস্টের সিরিজে এগিয়ে গেল রোহিত শর্মার ভারত। একটা সেশনেই বিশ্বের ১ নম্বর টেস্ট দলের ১০টি উইকেট তুলে নিলেন ভারতীয় বোলাররা। ৯১ রানেই শেষ অজিদের দ্বিতীয় ইনিংস। রবিচন্দ্রন অশ্বিন ৫টি, রবীন্দ্র জাদেজা ও মহম্মদ শামি ২টি করে এবং অক্ষর প্যাটেল ১ উইকেট নিলেন।

ভারতের বিরাট জয়
নাগপুর টেস্টে নামার আগে অজিরা ভারতের উপর মানসিক চাপ তৈরিতে ৩৬ রানে অল আউট করে দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল। যদিও ভারত সফরে এসে প্যাট কামিন্সের দলই ভারতের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় সর্বনিম্ন ও ভারতের মাটিতে সর্বনিম্ন স্কোরের লজ্জার নজির গড়ল। ২০০৪ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়া অল আউট হয়েছিল ৯৩ রানে। দ্বিতীয় ইনিংসে অজিদের ৩২.৩ ওভারে ওই স্কোরে অল আউট করে ভারত টেস্ট জিতেছিল ১৩ রানে। সেই টেস্টে হরভজন সিং নিয়েছিলেন ৫ উইকেট। এদিন অশ্বিন ৫ উইকেট নিলেন, অজিরা ৩২.৩ ওভারে থামল ৯১ রানে। ১৯৮১ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া ৮৩ রানে গুটিয়ে গিয়েছিল ভারতের বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে টেস্টে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার সেই রেকর্ডটি অবশ্য অক্ষত রইল।

এক সেশনে ১০ উইকেট!
ভারত এদিন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনে ৪০০ রানে অল আউট হয়। প্রথম ইনিংসে লিড নিয়েছিল ২২৩ রানের। তখন থেকেই বোঝা যাচ্ছিল এই টেস্ট পাঁচ দিন গড়াবে না। তবে পরের সেশনেই যে খেলা শেষ হয়ে যাবে সেটা ভাবা যায়নি। নাগপুর টেস্টে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই ১০টি উইকেট হারাল অস্ট্রেলিয়া। ৯১ রানে অল আউট হয়ে গেল প্যাট কামিন্সের দল। ইনিংস ও ১৩২ রানে জিতে বর্ডার-গাভাসকর ট্রফির চার টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল রোহিত শর্মার ভারত।

স্পিন-জুজুতে ভরা়ডুবি অজিদের
সাত রানে পড়েছিল প্রথম উইকেট। ৮৮ রানেই যবনিকা পতন হতে পারতো অজিদের দ্বিতীয় ইনিংসের। রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে গিয়েছিলেন স্টিভ স্মিথ। কিন্তু দেখা যায় ওভারস্টেপিংয়ের কারণে সেটি নো বল। অবশ্য এর পরের ওভারে এসে স্কট বোল্যান্ডকে ফেরান মহম্মদ শামি। বোল্যান্ড রিভিউ নিয়েও রক্ষা পাননি। স্টিভ স্মিথ অপরাজিত থাকেন ৫১ বলে ২৫ রানে। মার্নাস লাবুশানে ১৭ এবং ডেভিড ওয়ার্নার ও অ্যালেক্স ক্যারি করেন ১০ রান করে। বাকিরা কেউ দুই অঙ্কের রানই পাননি। উসমান খোয়াজা ৫, ম্যাট রেনশ ২, পিটার হ্যান্ডসকম্ব ৬, প্যাট কামিন্স ১, টড মার্ফি ২, নাথান লিয়ঁ ৮ ও স্কট বোল্যান্ড ০ রানে আউট হন।
|
অশ্বিন-জাড্ডু জুটিতেই কামাল
রবিচন্দ্রন অশ্বিন ১২ ওভার হাত ঘোরান, তিনটি মেডেন, ৩৭ রানের বিনিময়ে নিলেন ৫ উইকেট। টেস্ট কেরিয়ারে ৩১ বার এবং দেশের মাটিতে টেস্টে ২৫ বার ইনিংসে পাঁচ উইকেট দখল করলেন অশ্বিন। অশ্বিনের বলে ব্যাটাররা লেগ বিফোর হলেন এই নিয়ে ১০০ বার, তার মধ্যে এদিন দ্বিতীয় ইনিংসেই চার অজি ব্যাটার লেগ বিফোর হন। রবীন্দ্র জাদেজা তিনটি মেডেন-সহ ১২ ওভারে ৩৪ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন। মহম্মদ শামি ৪.৩ ওভারে ১টি মেডেন-সহ ১৩ রানের বিনিময়ে ২ উইকেট নেন। অক্ষর প্যাটেল ৩ ওভার হাত ঘুরিয়ে ৬ রানে ১টি উইকেট দখল করেন।












Click it and Unblock the Notifications