AUS-W vs IND-W: অস্ট্রেলিয়ায় ওডিআই অভিযান শুরু হরমনপ্রীতদের, বিশ্বকাপের আগে শক্তি পরীক্ষার সুযোগ ভারতের
শুক্রবার থেকে অ্যাডিলেড ওভালে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারত। ভারতীয় পুরুষ দলের মতোই মহিলা ক্রিকেট দলের বর্তমান ঠিকানা অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামছে হরমনপ্রীত কৌরের দল। প্রথম দুটি ম্যাচ হবে ব্রিসবেনে, তৃতীয় ম্যাচটি হবে পারথের ওয়াকায়।
চলতি বছরের শুরুতে এই দুই দল একদিনের সিরিজে একে ওপরের মুখোমুখি হয়েছিল। সেই সিরিজে ৩-০ ফলে ভারতকে হোয়াইট ওয়াশ করেছিল অজিরা। এবার ভারতের কাছে বদলার সুযোগ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ দিয়ে আগামী বছর একদিনের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। এবার অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষের ডেরায় এসে নিজেদের শক্তি পরীক্ষা করে নেওয়ার সুযোগ ভারতীয় মহিলা দলের সামনে।

প্রথম ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে হরমনপ্রীত কৌর বলেন, শেফালি আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্যা। ও এর আগে দেশের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেছে। ফলে ওর দক্ষতা নিয়ে কোনও প্রশ্নই নেই। আমি আশাবাদী আগামী বছর বিশ্বকাপের আগেই নিজের ছন্দে ফিরবে এবং দলের হয়ে ভালো পারফরম্যান্স করবে।
বিশ্বকাপের আগে এই সিরিজ যে তাদের কাছে শক্তি পরীক্ষার বিরাট সুযোগ তা জানাতে ভুল করলেন না হরমনপ্রীত। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, এই সিরিজ আমাদের কাছে অবশ্যই কঠিন একটা পরীক্ষা। আমরা সব ম্যাচ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব। আমরা যতবার খেলতে নামি তত বারই জয়ের লক্ষ্যেই নামি, এই সিরিজও তার ব্যাতিক্রম নয়। এরআগে আমাদের দল ওডিআই ফর্ম্যাটে ভালো খেলেছে সেটাই বজায় রাখতে চাই।
নতুন বছরে ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ খেলতে নামবে ভারত। তার আগে এই সিরিজ থেকেই যতটা সম্ভব পরীক্ষা-নিরীক্ষা সেরে নিতে চাইছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। হরমনপ্রীত বলেছেন, বিশ্বকাপের কথা মাথায় রেখে আমাদের নতুন ক্রিকেটারদের আরও বেশি সুযোগ দিতে হবে। তবে এই পরিবেশে যারা খেলতে পারবে তাদেরই সুযোগ দেওয়া হবে।












Click it and Unblock the Notifications