AUS vs SA, World Cup 2023: মিলারের শতরানে মানরক্ষা প্রোটিয়াদের, ফাইনালে উঠতে অজিদের লক্ষ্য ২১৩
ইডেনে একদিনের বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। কিন্তু অজিদের বোলিংয়ের সামনে বড় রান করতে ব্যর্থ হল দক্ষিণ আফ্রিকা। দলের ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝে মানরক্ষা করলেন ডেভিড মিলার। তাঁর সৌজন্যে ২০০ রানের গণ্ডি পারল করল প্রোটিয়ারা।
ইডেনে খেলা হচ্ছে পুরনো পিচেই। ভাবা গিয়েছিল, নতুন কোনও বাইশগজে সেমিফাইনাল ম্যাচ হবে। কিন্তু পাকিস্তান বনাম ইংল্যান্ড যে পিচে খেলা হয়েছে, সেই পিচেই খেলা হচ্ছে। এই পিচ সেন্টারপিচ নয়, বরং পাশের সবুজ বাইশগজ।ইডেনে ঘণ্টা বাজালেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং, তাঁর সঙ্গে ছিলেন সিএবি কর্তারা।

১৩ ওভার শেষে রান ৪ উইকেটে ৩২।সেখান থেকে দলকে টানেন ডেভিড মিলার। অজিদের বিরুদ্ধে শতরান করলেন ডেভিড মিলার। ১১৫ বলেই শতরান পূর্ণ করলেন প্রোটিয়া ব্যাটসম্যান। মিলার ছাড়া ক্লাসেন ৪৭ রান করেন। এছাড়া কোনও ব্যাটারই রান পেলেন না। শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২১২ রান তোলে দক্ষিণ আফ্রিকা। অজিদের হয়ে তিনটি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও কামিন্স।
বিশ্বকাপের নক আউট পর্বের ম্যাচে মিলার নয়া রেকর্ড করলেন। এটাই কোনও প্রোটিয়া ব্যাটারের সর্বোচ্চ রান। ইনিংসের বিরতিতে মিলার বলেন, 'শুরুতে পর পর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় দল। আমার লক্ষ্য ছিল যে পরিকল্পনা গুলো নিয়ে মাঠে নেমেছি সেটা কার্যকর করা। অবশ্যই এই পিচে টসে জিতে প্রথমে ব্যাটিং করে বড় রান তোলাই আমাদের লক্ষ্য ছিল। কিন্তু আমরা যে স্কোর তুলেছি তাতে লড়াইয়ে থাকব। আমাদের স্পিনাররা পরিকল্পনা গুলো ঠিক মতো কার্যকর করতে পারলে আমরা জেতার লড়াইয়ে থাকব।
বৃষ্টির জন্য খেলা মাঝে কিছুক্ষণ বন্ধও থাকে। যদি বৃহস্পতিবার খেলা না হয়, তাহলে শুক্রবার রিজার্ভ ডে-র দিন খেলা হবে।












Click it and Unblock the Notifications