AUS vs IND: অধিনায়ক বুমরাহ থেকে অল-রাউন্ডার নীতীশ, বর্ডার-গাভাসকর ট্রফি থেকে ভারতের প্রাপ্তি তালিকা
৩-১ ফলে সিরিজ হারতে হয়েছে, কিন্তু বর্ডার-গাভাসকর ট্রফি থেকে ভারতের প্রাপ্তি একেবারে ০ নয়। ডনের দেশ থেকে ট্রফি নিয়ে ফিরতে না পারলেও ভারতীয় দলের কিছু অন্তত প্রাপ্তি হল এই সিরিজে। বর্তমানে টিম ইন্ডিয়া রূপান্তর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। সিনিয়র ক্রিকেটাররা অবসর নিচ্ছেন আবার কেউ কেউ বিদায়ের পথ প্রস্তুত করছেন। এরইমধ্যে নতুনদের উদয় হচ্ছে।
শেষ দুই বার অস্ট্রেলিয়া থেকে ভারত বর্ডার-গাভাসকর ট্রফি জিতেই দেশে ফিরেছিল, এবার ফিরতে হবে খালি হাতে। কিন্তু এই সিরিজে কয়েকজন ভারতীয় ক্রিকেটার নজর কারলেন, দলীয় ব্যর্থতার মধ্যেই ব্যক্তিগত নৈপূণ্যে উজ্জ্বল হলেন যশস্বী জয়সওয়াল, নীতীশ কুমার রেড্ডিরা। কয়েকজন তরুণ ক্রিকেটারের পারফরম্যান্সই প্রাপ্তি হল ভারতের। সেই সঙ্গে টেস্টে রোহিতের উত্তরসূরি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করলেন জসপ্রীত বুমরাহ।

চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে বুমরাহকে। শামি না থাকায় বুমরাহই একমাত্র অভিজ্ঞ পেসার। ফলে অনেক বেশি চাপ নিতে হয়েছে হয়েছে। ভারত-অস্ট্রেলিয়া একটি সিরিজে বুমরাহের উইকেট সংখ্যা ৩২। সেইসঙ্গে বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন বুমরাহ। সিরিজের সেরাও হয়েছেন।
২০২৪ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে যশস্বী নিজেকে প্রমাণ করেছিলেন । এবার বিদেশের মাটিতেও সফল হলেন তরুণ এই ব্যাটার। এই সিরিজে ১০ ইনিংসে যশস্বীর ব্যাট থেকে এসেছে ৩৯১ রান, ভারতীয়দের মধ্যে তাঁর রানই সর্বোচ্চ। সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। এর মধ্যে পারথে ১৬২ রান করেছিলেন। দেশে হোক বা বিদেশে ফলে ভারতীয় দল একজন স্থায়ী ওপেনার পেয়ে গেল।
বর্ডার-গাভাসকর ট্রফি থেকে ভারতীয় দলের বিরাট প্রাপ্তির নাম নীতীশ কুমার রেড্ডি। দল ঘোষণার সময় টেস্টে নীতীশ কুমার রেড্ডির নাম থাকা নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। একজন টি২০ বিশেষজ্ঞ ক্রিকেটারকে কেন টেস্ট দলে তাও অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সমালোচিত হতে হয় কোচ গৌতম গম্ভীরকেও। নীতীশকে যে শুধু অস্ট্রেলিয়ায় ঘুরতে যাওয়ার জন্য নিয়ে যাওয়া হয়নি তা প্রমাণ হয়ে গেল।
নীতীশ ৯ ইনিংসে ২৯৮ রান করেছেন। এরমধ্যে মেলবোর্নে শতরান করেছেন। মেলবোর্নে শতরান করলেন ২১ বছর ২১৬ দিন বয়সেই। এত কম বয়সে মেলবোর্নে কোনও ভারতীয় শতরান করতে পারেননি টেস্টে। বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছেন। টেস্টে ভালো একজন অল রাউন্ডার পেয়ে গেল ভারত।
শেষ ম্যাচে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করলেন প্রসিদ্ধ কৃষ্ণ। আগামী দিনে শামিকে টেস্টে কতটা পাওয়া যাবে তা নিয়ে চর্চা রয়েছে। তবে প্রসিদ্ধ যে বুমরাহকে সঙ্গ দিতে প্রস্তুত আছেন তা প্রমাণ পাওয়া গেল সিডনিতেই। অশ্বিনের বিকল্প হিসেবে নিজের জায়গা প্রস্তুত করে ফেললেন ওয়াশিংটন সুন্দরও।












Click it and Unblock the Notifications