AUS vs IND: তিনটি ক্যাচ ফেললেন যশস্বী! রেগে গেলেন রোহিত, মেলবোর্নে বিরাটই যেন অধিনায়ক
AUS vs IND: মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার ব্যাটিং লেজ ধরে ফেলল ভারত। চা বিরতির পর মহম্মদ সিরাজের বলে লেগ বিফোর হন মার্নাস লাবুশেন।
রিভিউ নিয়ে এ যাত্রায় রক্ষা পাননি। আগে আম্পায়ার আউট না দেওয়ায় আম্পায়ারস কলে বেঁচে গিয়েছিলেন। কিন্তু এবার সেই আম্পায়ার মাইকেল গফ আউট দেন। এবার প্যাভিলিয়নে ফিরলেন আম্পায়ারস কলে।

অস্ট্রেলিয়ার ফিল্ডাররা দর্শকদের আরও জোরে সমর্থনের জন্য হাত নেড়ে যেমন তাতাচ্ছিলেন লাবুশেনকে ফিরিয়ে ঠিক তেমনটাই করতে দেখা গেল মহম্মদ সিরাজকে। লাবুশেনের সঙ্গে সিরাজের বেল বদল কৌশল আগেই চর্চায় ছিল।
এদিন লাবুশেনকে ফেরালেন সিরাজ। সিরাজের আগে একই ভঙ্গিমায় বুমরাহ দর্শকদের আরও জোরে সমর্থনের আহ্বান জানিয়েছিলেন স্যাম কনস্টাসকে ফিরিয়ে। সিরাজকে আজ নতুন বলে বোলিং শুরু করাননি রোহিত শর্মা। জসপ্রীত বুমরাহর সঙ্গে অন্য প্রান্ত থেকে শুরু করেন আকাশ দীপ। চাপে থাকা সিরাজ কিন্তু আজ ভালো ছন্দে বোলিং করছেন।
লাবুশেন করলেন ১৩৯ বলে ৭০। আম্পায়ারস কলে রক্ষা পাওয়া ছাড়াও তিনি জীবন পেলেন যশস্বী জয়সওয়াল ক্যাচ মিস করায়। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে লেগ গালিতে যশস্বী ফেলেছিলেন উসমান খোয়াজার ক্যাচ। খোয়াজা তখন ২। সেই খোয়াজা করলেন ৬৫ বলে ২১।
আজ দ্বিতীয় সেশনে লাবুশেনের ক্যাচ ফেলেন যশস্বী। অস্ট্রেলিয়া তখন ৬ উইকেটে ৯৯ রানে ধুঁকছে। আকাশ দীপের বলে ক্যাচটি দেন সেই সময় ৪৬ রানে অপরাজিত থাকা লাবুশেন। যশস্বী গালিতে লাবুশেনের ক্যাচ ফেলেন। সেই ক্যাচ ধরতে পারলে ভারত আরও ভালো জায়গায় থাকতো।
যশস্বীকে এই ক্যাচ ফেলতে দেখে রাগে, হতাশায় অসন্তোষ ব্যক্ত করতে দেখা যায় ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। রোহিতের নেতৃত্ব এমনিতে সমালোচিত হলেও আজ তাঁর ফিল্ড প্লেসিং, বোলিং পরিবর্তনের প্রশংসা করছেন বিশেষজ্ঞরা।
সতীর্থদের তাতাতে দেখা গিয়েছে বিরাট কোহলিকেও। ১০৫ রানে পিছিয়ে ভারত যখন ফিল্ডিং করতে নামে তখন থেকেই দেখা গিয়েছে ইতিবাচক বডি ল্যাঙ্গুয়েজ। ফিল্ডিং সাজানো নিয়ে বিরাট কোহলির সঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছে রোহিত শর্মাকে। বিরাট নিজেও কিছু নির্দেশ দিয়েছেন, অধিনায়ক যেমনটা করে থাকেন।
যশস্বী দিনের তৃতীয় ক্যাচটি ফেলায় জীবন পান প্যাট কামিন্স। চা বিরতির ঠিক আগের ওভারে। কামিন্স তখন ২০ রানে ব্যাট করছিলেন। সিলি পয়েন্টে ক্যাচ ফেলেন যশস্বী। তখনও হতাশা ব্যক্ত করতে দেখা যায় রোহিতকে।












Click it and Unblock the Notifications